অভিনেত্রীকে যৌন নিপীড়নে গ্রেপ্তার দক্ষিণী পরিচালক

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী ছবির প্রখ্যাত পরিচালক-প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণন। এক তরুণী অভিনেত্রীর দায়ের করা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। কোচি পুলিশ জানায়, বর্তমানে এরনাকুলাম সাব-জেলে রাখা হয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী পরিচালককে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই অভিনেত্রী কোচি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, একটি শুটিং চলাকালীন তাকে একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে গিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করা হয়। সূত্র: এইসময় অনলাইন
ওই তরুণী অভিনেত্রীর অভিযোগ পাওয়ার পর কালক্ষেপণ না করে তদন্ত শুরু করে পুলিশ। এতে সংশ্লিষ্টতা পাওয়ায় গোপন অভিযানে রঞ্জিতকে আটক করা হয়। এ সময় পরিচালক ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় একটি কর্মসূচিতে যাচ্ছিলেন।
কোচি পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আদালত রঞ্জিতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।
অর্ধশতাধিক সিনেমার পরিচালক ও অভিনেতা রঞ্জিত বালাকৃষ্ণনের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে মালায়ালম চলচ্চিত্রে দেখা দিয়েছে চাঞ্চল্য। গ্ল্যামার জগতের অন্ধকার দিকও আবার উঠে এসেছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও যৌন হেনস্তা নিয়ে অসেন্তাষ দেখা দিয়েছে। যদিও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া দেননি রঞ্জিত। তবে তার আইনজীবীর দাবি, এই মামলা ভিত্তিহীন এবং আইনি পথে লড়াই করা হবে।