বলিউড তারকাদের বাবা দিবসের ভাবনা

আজ রোববার (২১ জুন) বাবা দিবস। সন্তান ও পরিবারের প্রতি বাবাদের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই পালন করা হয় দিবসটি। বলিউডে স্বজনপ্রীতির বিতর্ক যতই থাকুক, অনেক বড় তারকার সফলতার পেছনে রয়েছেন তাদের বাবা। এ বছরের বাবা দিবস উপলক্ষে জেনে নেওয়া যাক কয়েকজন বলিউড তারকা সন্তান তাদের বাবাদের অবদান নিয়ে কী বলেছেন।
ঋষি কাপুরের শৃঙ্খলাই রণবীরের পথচলা

‘অ্যানিমেল’ তারকা রণবীর কাপুর তার প্রয়াত বাবা ঋষি কাপুরকে জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে করেন। ঋষি কাপুরের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্ব তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা তাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে বাস্তব পৃথিবীর মুখোমুখি হতে শিখিয়েছিলেন। রণবীর আক্ষেপ করে বলেন, ‘যদি অতীতে ফিরে যেতে পারতাম, তবে বাবার সঙ্গে আরও বেশি সময় কাটাতাম।’
সারার ভারসাম্যপূর্ণ জীবন বাবা সাইফের জন্যই

সারা আলী খান তার বাবা সাইফ আলী খানের কাছ থেকে সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করার শিক্ষা পেয়েছেন। ক্যারিয়ারের পাশাপাশি পরিবার ও ভ্রমণের মাধ্যমে জীবনকে উপভোগ করার ব্যালেন্স এবং স্টারডম নয়, বরং নিখাদ অভিনয়ে মন দেওয়ার বাবার পরামর্শই সারাকে পথ দেখায়।
অমিতাভের বিনয় ও দায়িত্ববোধে মুগ্ধ অভিষেক

বাবা অমিতাভ বচ্চনই সবসময় অভিষেক বচ্চনের আদর্শ। বাবার কাছ থেকেই তিনি শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শিখেছেন। বাবার কাছ থেকে জীবনের অনেক কঠিন বাস্তবতা সামলানোর অনুপ্রেরণা পেয়েছেন তিনি। সবচেয়ে বড় শিক্ষা, মানুষের ভালোবাসা প্রতি মুহূর্তে কঠোর পরিশ্রম দিয়ে অর্জন করে নিতে হয়।
হৃতিকের আত্মবিশ্বাসের ভিত্তি রাকেশ রোশন

হৃতিক রোশন তার ক্যারিয়ারের শুরুর দিকের প্রতিকূলতা কাটিয়ে ওঠার কৃতিত্ব দেন বাবা রাকেশ রোশনকে। হৃতিক এক আবেগঘন বার্তায় জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা বই যা শেখাতে পারেনি, তার বাবা সেটি শিখিয়েছেন। ভালো মানুষ ও অভিনেতা হয়ে ওঠার পেছনে রাকেশের অবদান অনস্বীকার্য।
বাবার মতো হতে চান টাইগার

টাইগার শ্রফ তার বাবা জ্যাকি শ্রফকে শুধু রোল মডেলই নন, নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করেন। বাবা তাকে শিখিয়েছেন, কীভাবে সাফল্যের মধ্যেও মাটিতে পা দিয়ে চলতে হয়। বাবার দেওয়া উপদেশ ‘কথা কম বলো, শোনো বেশি’—এই মন্ত্র মেনে টাইগার বিতর্কে না জড়িয়ে কাজের মাধ্যমেই জবাব দিতে ভালোবাসেন।
ডেভিড ধাওয়ানের সেটেই বরুণের প্রথম পাঠ

পরিচালক ডেভিড ধাওয়ানের কাছ থেকে সিনেমার আসল ব্যাকরণ শিখেছেন বরুণ ধাওয়ান। বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে বরুণ জানান, বাবা ডেভিড তাকে সিনেমার সব পাঠ শিখিয়েছেন। বাবার পরামর্শ বরুণকে দূরদর্শিতা ও সেট ডিসিপ্লিনকে সম্মান করতে শিখিয়েছে।






