শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন আরও তিন বলিউড তারকা

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। জানা গেছে, শুধু টাইগারই নন, অভিযুক্তরা সালমান খান ছাড়াও আরও দুই বলিউড তারকাকে টার্গেট করে নজরদারিতে রেখেছিল।
পুলিশ জানান, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সেই শুটাররা সালমান খান ছাড়াও আরও দুই প্রথম সারির তারকা আমির খান ও রণবীর কাপুরের বাসভবনে নজরদারির মধ্যে রেখেছিল। তবে সেখানে খুব একটা সুবিধা করতে না পারায় টাইগার শ্রফকে টার্গেট করেন তারা।
গ্রেফতার হওয়া দুই শুটার জানান, আমির খান ও রণবীর কাপুরের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। টাইগার শ্রফ তাদের মূল টার্গেট ছিলেন না। কিন্তু অভিনেতার পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয় তাকে।
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় খেলার মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ছোড়েন বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। সৌভাগ্যবশত, এদিন অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই হামলার পরে থেকেই বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।