logo

আমি নিজেও আওয়ামী লীগের কালো তালিকায় ছিলাম: রিনা খান

আমি নিজেও আওয়ামী লীগের কালো তালিকায় ছিলাম: রিনা খান

মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম নাটক, সিনেমা ও গান। মানুষের ভালো কিংবা খারাপ সময় ওই মাধ্যমগুলোই সঙ্গী হয়ে থাকে। বিভিন্ন দলের সঙ্গে  রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল অনেক তারকার। 

অনেক শিল্পীই চলে যান দেশের বাইরে। আবার যারা দেশে ছিলেন তাদের দেশীয় জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো নির্দিষ্ট বছরের পর বছর পারফর্ম করতে দেয়নি। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকেও। সে কাতারে আছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রিনা খান।

এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রিনা খান বলেন, একজন শিল্পীর জন্য এটা খুব বিড়ম্বনার। কার কাছে যাব, বলব যে, একটা কাজ দাও? তখন সব দিকেই ছিল আওয়ামী লীগ। এমন কেউ ছিল যে আমাদের বুঝবে বা আমাদের কথা শুনবে। 

তিনি আরও বলেন, আমি নিজেও কালো তালিকায় ছিলাম। তখন আমিও বেশ কষ্ট পেতাম। একজন শিল্পী সবার। এরপর তার ব্যক্তিগত পছন্দ, অপছন্দ থাকতেই পারে। আমি বিএনপি করি, অন্যজন আওয়ামী লীগ করে সেটা তাদের ব্যক্তিগত পছন্দ। এজন্য সেই শিল্পীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এটা কোনো কথা হতে পারে না। শিল্পীদেরও উচিত সব জায়গায় সুন্দর ব্যবহার করা। তার অপজিট দলকে যেন গালিগালাজ না করে, ছোট করে কথা না বলে। আমরা ১৮ কোটি মানুষের মাঝে শিল্পী কয়জন? আমি মনে করি শিল্পী হওয়া আল্লাহর নেয়ামত। শিল্পীদের সবার সম্মান করা উচিত।