Advertisement

মোহনলালের ‘দৃশ্যম ৩’ ছাড়াল ২৫০ কোটি রুপি

এশিয়া পোস্ট বিনোদন
মোহনলালের ‘দৃশ্যম ৩’ ছাড়াল ২৫০ কোটি রুপি
মালায়লাম রেকর্ড গড়ল মোহনলালের ‘দৃশ্যম ৩’

ভারতীয় সিনেমা অঙ্গনে এখন চলছে ‘দৃশ্যম ৩’-এর জয়গান। রামচরণের ‘পেদ্দি’ বড় পর্দায় আসলেও দুরন্ত গতিতে এগিয়ে চলছে দক্ষিণী সুপারস্টার মোহনলালের ক্রাইম থ্রিলারটি। মুক্তির তৃতীয় সপ্তাহ পার করলেও বক্স অফিসে এই সাইকোলজিক্যাল থ্রিলারের দাপট কমেনি। ২১তম দিনে এসে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৫০ কোটি রুপিতে।

মাত্র ক্লাস ফোর পাস করা এক ব্যক্তি কঠিন মানসিক দৃঢ়তা ও বুদ্ধিমত্তায় কীভাবে প্রশাসনের উচ্চশিক্ষিত কর্মকর্তাদের নাকানিচুবানি খাইয়ে পরিবারকে রক্ষা করেছেন—সেই কাহিনির এক চমকপ্রদ চিত্রায়ণ ‘দৃশ্যম’। গত ২১ মে দক্ষিণী মেগাতারকা মোহনলালের জন্মদিনে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

সিনেমা রেটিং ও বক্স অফিস পর্যালোচনাকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, তৃতীয় সপ্তাহে এসে এই ক্রাইম ড্রামা থ্রিলারটি বিশ্বব্যাপী মোট ২৫০.২১ কোটি রুপি সংগ্রহ করেছে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে ৫ হাজার ১৮৫টি শো প্রদর্শিত হয়।

চলতি বছরের অন্যতম সফল মালায়ালম সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩’। শুধু ভারতেই সিনেমাটির নেট কালেকশন ১২৫.৩০ কোটি এবং গ্রস কালেকশন ১২৪.৯৪ কোটি রুপি ছাড়িয়েছে।

তবে সিনেমার এই রাজকীয় সাফল্যে বড় ভূমিকা রেখেছে ওভারসিজ বা আন্তর্জাতিক বাজার। ২১তম দিনে বিদেশ থেকে ৫ লাখ রুপি আসার পর সিনেমাটির আন্তর্জাতিক গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১১১.৬৫ কোটি রুপি।

কাহিনির গতিপথ কিছুটা ধীর হলেও সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসাই পেয়েছে সিনেমাটি। তাই এটি বিপুলসংখ্যক দর্শককে প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হয়েছে। জর্জকুটির অতীতের এক নতুন রহস্য ও টানটান উত্তেজনাপূর্ণ গল্পটি দর্শক ও সমালোচক—উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হচ্ছে। সব মিলিয়ে, বক্স অফিসের দৌড়ে ‘দৃশ্যম ৩’ যে সহজে থামছে না, তা বলাই বাহুল্য।