স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে অ্যান হ্যাথাওয়ের ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী এই তারকা সম্প্রতি ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’ দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। এবার নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তিনি।
অ্যান হ্যাথাওয়ের নতুন সিনেমার নাম ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। ডেভিড রবার্ট মিশেলের নির্মাণে সারভাইভাল মিস্ট্রি ঘরানার সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামী শুক্রবার (১৪ আগস্ট)। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সিনেমাটিতে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে অভিনয় করেছেন ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরিসহ আরও অনেকে।
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর গল্প আবর্তিত হয়েছে প্ল্যাট পরিবারকে ঘিরে। ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলিতে বসবাস করা এই পরিবারের জীবন হঠাৎ করেই বদলে যায় এক রহস্যময় মহাজাগতিক ঘটনার পর।
ঘটনার পর পুরো ওক স্ট্রিট যেন স্বাভাবিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অচেনা এক জগতে চলে যায়। শুধু রাস্তা নয়, বদলে যায় তাদের বাড়ি ও আশপাশের পরিবেশও। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও বাইরে বের হওয়ার পর ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয় পরিবারটি।
পরিচিত শহরতলির জায়গায় তারা দেখতে পায় বিশাল এক অচেনা জঙ্গল। রাস্তার শেষ প্রান্ত গিয়ে থেমেছে এক বিশাল খাদের কাছে। চারপাশের পরিবেশও যেন প্রাগৈতিহাসিক যুগের। আর সবচেয়ে আতঙ্কের বিষয়- সেখানে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর!
এরপর পরিবারের সদস্যদের সামনে শুরু হয় টিকে থাকার কঠিন লড়াই। খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি সন্তানদের রক্ষা করাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তাদের খুঁজে বের করতে হয় এই অদ্ভুত পরিবর্তনের কারণ এবং স্বাভাবিক পৃথিবীতে ফেরার পথ।
কেন ওক স্ট্রিট হঠাৎ এমন এক রহস্যময় জগতে চলে গেল? প্ল্যাট পরিবার কি শেষ পর্যন্ত সেই অচেনা পরিবেশ থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? এসব প্রশ্নের উত্তর মিলবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এ।
সিনেমাটিতে অ্যান হ্যাথাওয়ের উপস্থিতির পাশাপাশি রহস্য, সারভাইভাল ও প্রাগৈতিহাসিক প্রাণীর সংমিশ্রণ দর্শকদের জন্য তৈরি করতে পারে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
.png)

