অভিনয়ে আগ্রহ বাড়ছে নিক জোনাসের

মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের গায়কি গুণ সবাইকে মুগ্ধ করে। মাত্র ৩৩ বছর বয়সেই গায়ক, গীতিকার, অভিনেতা এবং রেকর্ড প্রযোজক সব ক্ষেত্রেই সাফল্যের দেখা পান। তবে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস গান গেয়েই জনপ্রিয়তা অর্জন করেন। এবার নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করতে চলেছেন। তামারা চেস্টনার চিত্রনাট্যে এখনো নাম চূড়ান্ত না হওয়া প্রজেক্টটির পরিচালনার দায়িত্বে আছেন আরি স্যান্ডেল।
গান গেয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেলেও অভিনয়ের প্রতি জোনাসের আবেগ অন্য রকম। মাত্র সাত বছর বয়সেই নাট্যমঞ্চে অভিনয়ে হাতেখড়ি। ২০০২ সালে একক অ্যালবাম প্রকাশের পরই নিক জোনাস হয়ে ওঠেন সংগীত তারকা। তবে অভিনয় মিশে ছিল তার ধমনিতেই। এ সময় বেশ কিছু সিনেমায় সাবলীল অভিনয় করে প্রশংসায় সিক্ত হন।
নিক জোনাসের আসন্ন সিনেমাটির কাহিনি একজন চিরকুমারকে কেন্দ্র করে আবর্তিত। তবে হঠাৎই তার চিন্তামুক্ত জীবনে নানা ধরনের ওলটপালট শুরু হয়। দেখা দেয় জটিলতা। এরপর যা ঘটে তা এমন এক প্রেমের গল্প, যা তাদের কেউই কল্পনাই করেনি। সূত্র: হলিউড রিপোর্টার
নেটফ্লিক্সের এই সিনেমা ছাড়াও নিক জোনাসের হাতে রয়েছে বেশ কিছু কাজ। ২৯ মে মুক্তি পাবে জন কার্নির কমেডি মিউজিক্যাল ‘পাওয়ার ব্যালাড’। এ ছাড়াও হরর ফিল্ম ‘হোয়াইট এলিফ্যান্ট’, জুমানজি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ও চলতি বছর মুক্তি পাওয়ার কথা।
গায়ক-অভিনেতা নিক সর্বশেষ ২০২৫ সালে ‘এ ভেরি জোনাস ক্রিসমাস মুভি’-তে অভিনয় করেছিলেন। সেটি বক্স অফিসে দারুণ সাড়া পায়।