logo

অনলাইনে ফাঁস হলো বিজয়ের ‘জনা নায়াগান’

অনলাইনে ফাঁস হলো বিজয়ের ‘জনা নায়াগান’

একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবন নিয়ে গ্যাঁড়াকলে বেশ কিছু দিন ধরেই। রয়েছে রাজনৈতিক ব্যস্ততাও। এর সঙ্গে যোগ হয়েছে তার আসন্ন সিনেমা ‘জনা নায়াগান’ নিয়ে জটিলতা। মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে তার শেষ সিনেমা ‘জনা নায়াগান’-এর বেশ কিছু দৃশ্য ও গান।

গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়। মুক্তির আগে ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং দেখেই বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনও ঠিক হয়নি। এবার ভিডিও ফাঁসের অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়েছে এইচ বিনোদ পরিচালিত সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এর কিছু দৃশ্য এবং একটি গান অনলাইনে ফাঁস হয়ে গেছে। ক্লিপগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় দ্রুত ছড়িয়ে পড়ছে। বড় এই ধাক্কা সামলাতে ক্লিপগুলো সরানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পাইরেসির অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে। এরই মধ্যে দায়ীদের খুঁজে বের করতে আইনি সহায়তা চাওয়া হয়েছে।

সম্প্রতি প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। এ ছাড়াও নিজের প্রতিষ্ঠিত ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) পার্টির ব্যানারে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন থালাপতি বিজয়।

‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। পর্দার হিরো থালাপতি বিজয় কীভাবে তার বাস্তব জীবনের সব সমস্যার মোকাবিলা করবেন—সেটাই দেখার বিষয়।