সিক্যুয়েল মুক্তির আগেই রেকর্ড রণবীরের

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার পারদ আরও ঊর্ধ্বমুখী। অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড করল এই সিক্যুয়েলটি। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মাত্র তিন মাসের ব্যবধানে আগামী ১৯ মার্চ সিনেমা হলে আমির হামজার চরম প্রতিশোধ দেখা যাবে বড় পর্দায়।
শনিবার আসা ট্রেলারে দেখা গেছে ‘হামজা’ আরও দানবীয়, আরও ভয়ংকর। পর্দায় মুক্তির আগেই শুরু হয়ে গেছে ছবির অগ্রিম টিকিট বুকিং। এক দিনেই সিনেমাটি দেখার জন্য টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮৮ হাজার। প্রতি ঘণ্টায় গড়ে টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে জানা যায়, বুকিং শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীরের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ‘ধুরন্ধর’র সিক্যুয়েল মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হিন্দি ভার্সনের টিকিট।
জিও স্টুডিওর ইউটিউব চ্যানেলে সিনেমার একটি ক্লিপ শেয়ার করে রণবীর সিং ক্যাপশনে লেখেন— ‘এটা নতুন ভারত। সে ঘরে ঢুকবে এবং খুনও করবে।’ টিজারের পর ট্রেলারে ভয়ংকর অ্যাকশন দেখে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। সিনেপর্দায় ভায়োলেন্স যাদের ভালো লাগে তাদের জন্য অপেক্ষা করছে এক অভাবনীয় অভিজ্ঞতা।
এর আগে যশের ‘টক্সিক’ আসার কথা ছিল একই দিন। কিন্তু দক্ষিণী রকিং স্টার মধ্যপ্রাচ্য সংকটের অজুহাতে সিনেমার মুক্তি পেছানোয় এবার রণবীর একাই মাঠে থাকবেন যুদ্ধে। বলিউডের এই হাইভোল্টেজ সিনেমার অভাবনীয় এই অ্যাকশন উপভোগ করতে দর্শকরা অধীর হয়ে আছেন।