‘পদ্মভূষণ’ পেলেন দক্ষিণী তারকা মামুট্টি

দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা আইনক মামুট্টি পেতে যাচ্ছেন পদ্মভূষণ। আইনজীবী থেকে অভিনয়ের জগতে প্রবেশ করে দীর্ঘ পাঁচ দশক ধরে মালায়লাম সিনেমায় শাসন করছেন। চারশর বেশি সিনেমায় অভিনয় করা ৭৪ বছর বয়সী এই গুণী তারকা এবার পেতে যাচ্ছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
মামুট্টির পাশাপাশি অভিনেতা আর মাধবন এবং প্রয়াত সতীশ শাহ-ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন। চলতি মাসের শেষের দিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তারা এই সম্মান গ্রহণ করবেন।
সংস্কৃতি জগতের অন্যতম সেরা আইকন হলেও মামুট্টি নিজেকে একজন ‘অভিনেতা’ হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। বহু চড়াই-উৎরাই পেরিয়েই তিনি সাফল্যের পথ খুঁজে পেয়েছেন। বাবার ইচ্ছা ছিল ছেলে চিকিৎসক হবে; কিন্তু ঘটনাক্রমে তিনি হয়ে যান আইনজীবী। এরপর হৃদয়ের টানে থিয়েটার দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন।
ক্যারিয়ারের শুরুর দিকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অনেক পরিচালক খুঁত ধরে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে ১৯৮১ সালের ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে তার ‘বিগ ব্রেক’ আসে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
মামুট্টি জানান, তিনি স্টারের বদলে সবসময় একজন খাঁটি অভিনেতা হতে চেয়েছিলেন। আর সেই আজীবনের লড়াই ও সাধনারই সর্বোচ্চ স্বীকৃতি এই পদ্মভূষণ।
সম্প্রতি মোহনলালের সঙ্গে জুটি বেঁধে ক্রাইম-অ্যাকশন ‘প্যাট্রিয়ট’-এ দুর্দান্ত অভিনয় করেন মামুট্টি। সিনেমাটি ব্যবসাসফলও হয়।