রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, এক কর্মী নিহত

এশিয়া পোস্ট বিনোদন
রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, এক কর্মী নিহত
বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ থাকছেন ভিকি, আলিয়া, রণবীরের মতো মেগা তারকারা। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের মতো মেগা তারকাদের নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ বানাচ্ছেন বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি। সেই বহুল প্রতীক্ষিত সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনায় এক কর্মীর মৃত্যু হয়েছে। চরম এই দুঃসংবাদে বলিউডে নতুন করে শোরগোল পড়ে গেছে।

Advertisement

সঞ্জয় লীলা বনশালির সিনেমা মানেই রাজকীয় আয়োজন। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্যও মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে নির্মাণ করছেন বিশাল এক সেট। সেখানেই গত ১৭ জুন ঘটে মর্মান্তিক ঘটনাটি। শুটিংয়ের সময় কর্মীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠেছে।

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে নিহত কাঠমিস্ত্রি চন্দ্রধারী যাদব (৪২) সেট তৈরির কাজ করছিলেন। তিনি ফিল্ম স্টুডিও সেটিং অ্যান্ড অ্যালায়েড মজদুর ইউনিয়নের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিত করা হবে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক সংগঠন মৃতের পরিবারের জন্য ৫০ লাখ রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে এখন অথৈ সাগরে ভাসছে পরিবারটি। সূত্র: আজকাল

এর আগেও বনশালির ‘পদ্মাবৎ’ ছবির সেটে এমন দুর্ঘটনা ঘটেছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তারকারা যখন কোটি টাকার আলোয় ঝলমল করেন, তখন নেপথ্যের কারিগরদের জীবন কি শুধুই অবহেলার?

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই বিগ বাজেট ছবিটির কাজ এখন প্রশ্নের মুখে। জাঁকজমকের আড়ালে পর্দার পেছনের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।