logo

সুইমিংপুল থেকে অভিনেত্রী নাদিয়ার নিথর দেহ উদ্ধার

সুইমিংপুল থেকে অভিনেত্রী নাদিয়ার নিথর দেহ উদ্ধার

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শো-বিজ অঙ্গনে। ফরাসি এই জনপ্রিয় অভিনেত্রীর অকালমৃত্যুতে নীরবতা নেমে এসেছ ইউরোপীয় সিনেমা দুনিয়ায়। গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত শুক্রবার অচেতন অবস্থায় সুইমিংপুল থেকে উদ্ধার করা হয় ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ তারকাকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ফ্রান্সের ‘লে ফিগারো’ পত্রিকার বরাতে জানা যায়, তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।

আলো ঝলমলে ক্যারিয়ার ছিল নাদিয়া ফারেসের। আর তার চলে যাওয়ার গল্পটা ঠিক সিনেমার মতোই নাটকীয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সব চেষ্টা ব্যর্থ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি।

নাদিয়া ফারেস ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। ১৯৬৮ সালে মারাকেশে মরোক্কান বাবা ও আর্মেনীয় মায়ের গর্ভে জন্ম নেন তিনি। খুব অল্প বয়সে পরিবারের সঙ্গে চলে যেতে হয় ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান এবং ১৮ বছর বয়সে শুরু হয় তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

হলিউডেও বেশকিছু সিনেমায় দুর্দান্ত কাজ করেন এই অভিনেত্রী। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। পরে ২০১৬ সালে আবার অভিনয়ে ফেরেন।