এ বছর আসছে না যশের ‘টক্সিক’

এশিয়া পোস্ট বিনোদন
এ বছর আসছে না যশের ‘টক্সিক’
দর্শকরা এ বছর দেখতে পারবেন না যশের অ্যাকশন

এই যুদ্ধটা হতে যাচ্ছে অন্যরকম—এভাবেই শুরু রকিং স্টার যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রথম ঝলক। সেটি দেখে রীতিমতো উন্মাতাল হয়ে উঠেছিল দর্শকরা। গত মার্চে মুক্তির তারিখ চূড়ান্ত করা হলেও, হঠাৎ করেই তা স্থগিত করা হয়। এর পর থেকেই বিশ্বব্যাপী অ্যাকশন-থ্রিলারপ্রেমীরা অপেক্ষায় ছিলেন যশের সিনেমাটি মুক্তির।

Advertisement

প্রথম ঝলকেই রক্তের হোলি আর অ্যাকশনের যে আভাস মিলেছিল, তাতে বুঁদ হয়ে ছিলেন সিনেভক্তরা। তবে ভক্তদের জন্য এবার মন খারাপ করা খবর—চলতি বছরে রুপালি পর্দায় আসছে না বহুল প্রতীক্ষিত এই সিনেমা। বারবার মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যাচ্ছে।

তবে সব প্রস্তুতির পর আগামী বছর অর্থাৎ ২০২৭-এ ছবি মুক্তির কথা ভাবছেন নির্মাতারা। বারবার ছবির মুক্তি পেছানো নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন তারা সুতারিয়া। এই সময়ের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী আসন্ন বিগ বাজেটের সিনেমাটি দেরিতে মুক্তি পাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। তার মতে, এত বড় মাপের প্রজেক্ট নিখুঁতভাবে দর্শকদের সামনে আনতে নির্মাতাদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি ভীষণ ধৈর্যশীল। একজন অভিনেতা হিসেবে সিনেমাটিকে শুধু আপনার নিজের ভাবা ঠিক নয়। যারা এটি তৈরি করেছেন, সিনেমাটি তাদের সবার।’

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে যশের ‘টক্সিক’ ঘিরে। কেজিএফের পর যশ পর্দায় কীভাবে হাজির হবেন—তাই নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। টিজারের মাধ্যমে পরিচালক গীতু মোহনদাস নায়কের সেই ভয়ংকর চেহারা আর অ্যাকশন উন্মোচন করেন।

পিঙ্কভিলার খবর, যশের সঙ্গে ‘টক্সিক’ মাতাতে থাকবেন কিয়ারা আদভানি ও নয়নতারা। এই গ্যাংস্টার সিনেমায় তাদের দেখা যাবে সাহসী এবং ভয়ংকর চরিত্রে। এ ছাড়াও এই গ্যাংয়ে যোগ দেবেন হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত—যারা যশের সহযোদ্ধা হিসেবে থাকবেন পর্দায়। টোভিনো থমাস, অক্ষয় ওবেরয়, ড্যারেল ডি'সিলভা, সুদেব নায়ার, সুরজিৎ গোপীনাথ, অমিত তিওয়ারিসহ বেশ কয়েকজন তারকা ক্যামিও চরিত্রে ইয়াশের সঙ্গে যোগ দেবেন যুদ্ধে।