গভীর হওয়ার আগেই শেষ কার্তিক-পশমিনার প্রেম

বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ানকে নিয়ে সংবাদমাধ্যমগুলো সবসময়ই বেশ সরগরম থাকে। মোস্ট এলিজিবল ব্যাচেলর কার্তিককে নিয়ে প্রায়ই প্রেমের গুঞ্জন ওঠে। কদিন আগেই জোর আলোচনা ছিল, হৃতিক রোশনের কাজিন পশমিনা রোশনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই চকলেট বয়। বিভিন্ন সময় তাদের ঘনিষ্ঠ অবস্থায় ঘোরাঘুরি করতেও দেখা যায়।
কার্তিক-পশমিনা প্রেমের খবরটি অফিসিয়ালি স্বীকার করার আগেই শোনা যাচ্ছে তাদের মধ্যে সব সম্পর্কের ইতি ঘটেছে। বলিপাড়ার অভ্যন্তরে শোনা যায়, অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এই প্রেম! কাপলদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কার্তিক এবং পশমিনা আর একসঙ্গে নেই। ইতি ঘটেছে তাদের প্রেমের। সূত্র: ইন্ডিয়া টুডে
ভারতীয় গণমাধ্যমকে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত ৫-৬ মাস পশমিনার সঙ্গে দেদার অন্তরঙ্গ সময় কাটিয়েছেন কার্তিক। প্রথম দেখাতেই একে অন্যের প্রেমে পড়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেমিস্ট্রি আর জমল না, তাই নিজেদের গুটিয়ে নিয়েছে এই জুটি।
অবশ্য প্রেম ভাঙার এই গুঞ্জন নিয়ে কার্তিক বেশ শান্ত। এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে জানান, তারকাদের জীবনে সাধারণ কোনো বন্ধুত্ব থাকলেও মিডিয়া সেখানে প্রেমের তকমা সেঁটে দেয়।
রাজেশ রোশনের মেয়ে পশমিনা খুব শিগগির রোহিত শরাফের বিপরীতে ‘ইশক্ ভিশক্ রিবাউন্ড’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন। অন্যদিকে কার্তিকও ব্যস্ত তার নতুন প্রজেক্টের শুটিং নিয়ে।
কার্তিক-পশমিনার প্রেম জমুক বা না জমুক—ক্যারিয়ারের রেসে দুজনই ছুটছেন পুরোদমে।
