হলিউডের আলোচিত প্রেম, শুটিং সেট থেকে জীবনসঙ্গী

হলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ থাকে সবার। নিখুঁত অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে সিনেমার পর্দার তারকারা স্থান করে নেন হৃদয়ের অন্তস্তলে। সিনেমার পর্দার জটিল চরিত্র, তুমুল ব্যস্ততা, হাইভোল্টেজ অ্যাকশন আর রোমান্সের ভিড়ে কখন যে তারকাদের বাস্তব অনুভূতিগুলো হৃদয়ে মিশে যায়, তা টের পাওয়া মুশকিল। লাইটস, ক্যামেরা আর অ্যাকশনের চেনা গণ্ডি পেরিয়ে অনেক তারকাই জড়িয়ে পড়েছেন বাস্তব জীবনের ভালোবাসার গল্পে। শুটিং সেটেই পরিচয়, সেখান থেকেই শুরু তাদের প্রেমের গল্প। কোনো গসিপ বা গুঞ্জনের তোয়াক্কা না করে সহ-শিল্পীর প্রেমে পড়েছেন—এমনই কিছু জনপ্রিয় তারকা জুটিকে নিয়েই এই বিশেষ আয়োজন।
রায়ান রেনল্ডস ও ব্লেক লাইভলি

‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ডস ও ‘গ্রিন ল্যান্টার্ন’ তারকা ব্লেক লাইভলির প্রেম-পরিণয় সিনেমার দৃশ্যের মতোই নাটকীয়। দুজনই ছিলেন ভালো বন্ধু; পরে সেই বন্ধুত্ব গড়ায় রোমান্সে। ২০১০ সালে ‘গ্রিন ল্যান্টার্ন’ সিনেমার সেটে যখন তাদের পরিচয়, তখন স্কারলেট জোহানসনের সঙ্গে রায়ান এবং ব্লেক লাইভলি ব্যস্ত ছিলেন ‘গসিপ গার্ল’ সহ-শিল্পী পেন ব্যাজলির সঙ্গে। সিনেমার সেটে পরিচয়ের পরই শুরু তাদের মন দেওয়া-নেওয়া। কিছুদিন ডেটিংয়ের পর তারা বিয়ের পিঁড়িতে বসেন। বর্তমানে এই সুখী দম্পতির চারটি সন্তান রয়েছে।
টম হল্যান্ড ও জেন্ডায়া

ব্রিটিশ তারকা টম হল্যান্ড সবসময় প্রাণোচ্ছল ও রসবোধ দিয়ে অন্যদের আকৃষ্ট করতে পারেন। আর সেই ক্ষমতা বাস্তব জীবনেও কাজে লেগে যায় ‘স্পাইডারম্যান’ তারকার। সহজাত আকর্ষণ দিয়েই জয় করে নিয়েছেন আমেরিকান সুইটহার্ট জেন্ডায়ার মন। ২০১৭ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার সেটে তাদের পরিচয়। হলিউডের এই তারকা যুগল নিজেদের সম্পর্ক আড়াল করে রাখলেও তাদের বাগদান ও বিয়ের গুঞ্জনে সরব সিনেপাড়া।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের ইতিহাসের অন্যতম ক্ল্যাসিক জুটি ‘ব্র্যাঞ্জেলিনা’। ২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে যখন তাদের দেখা হয়, তখন ব্র্যাড পিট বিবাহিত ছিলেন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে। তবে সেই সম্পর্ক ছেড়ে হাত ধরেন জোলির। সব ঝড় সামলে দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিয়ে করেন এবং ছয়টি সন্তানও হয় তাদের। তবে তাদের এই ‘বন্ধু থেকে প্রেমিক এবং প্রেমিক থেকে শত্রু’ হওয়ার গল্পটি বেশ করুণ। ২০১৬ সালে তারা ডিভোর্সের আবেদন করেন এবং দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এর চূড়ান্ত নিষ্পত্তি হয়।
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

ভেঙে যাওয়া এবং জোড়া লাগা সম্পর্কের সত্যিকারের চ্যাম্পিয়ন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ২০০২ সালে ‘গিগলি’ সিনেমার সেটে দেখা হওয়ার পর শুরু হয় প্রেম। সে বছরই তাদের বাগদান হয়। কিন্তু ২০০৩ সালে বিয়ে স্থগিত হয়ে যায় এবং পরে তাদের ব্রেকআপ হয়। তবে ২০২১ সালে তারা আবারও ডেটিং শুরু করেন এবং ২০২২ সালে বিয়ে করেন। কিন্তু ভক্তদের মন ভেঙে ২০২৪ সালে এই বহুল আলোচিত জুটির চূড়ান্ত বিবাহবিচ্ছেদ ঘটে।
রায়ান গোসলিং ও ইভা মেন্ডেস

সম্প্রতি ‘প্রজেক্ট হেইল মেরি’ দিয়ে আলোড়ন তোলা রায়ান গোসলিংয়ের প্রেমকাহিনি সিনেমার মতোই। রায়ান গলায় ইভা মেন্ডেসের নামের আদ্যাক্ষর খোদাই করা চেইন পরেন। হলিউডের এই পাওয়ার কাপলের প্রথম দেখা ২০১১ সালে ‘দ্য প্লেস বিয়ন্ড দ্য পাইনস’ সিনেমার শুটিংয়ে। সেই সিনেমায় তারা একটি সমস্যাগ্রস্ত দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন। তাদের সেই অন-স্ক্রিন রসায়ন খুব দ্রুত বাস্তবে ধরা দেয়। ২০২২ সালে তাদের গোপন বিয়ের কথা প্রকাশ পায়।
মেগান ফক্স ও মেশিন গান কেলি

২০২০ সালে ‘মিডনাইট ইন দ্য সুইচগ্রাস’ সিনেমার সেটে মেগান ফক্স এবং পপ তারকা মেশিন গান কেলির পরিচয় হলিউডে রীতিমতো ঝড় তুলেছিল। জ্যোতিষশাস্ত্র মেনে একে অপরের রক্তবিন্দু পান করা থেকে শুরু করে কাঁটাযুক্ত আংটি বদল—সব মিলিয়ে তাদের প্রেম ছিল বেশ অদ্ভুত ও চর্চিত। ২০২২ সালে বাগদান হলেও ২০২৪ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ ঘটে। তবে পরে সম্পর্কের বরফ গলে এবং ২০২৫ সালের মার্চ মাসে তারা তাদের কন্যাসন্তানকে পৃথিবীতে স্বাগত জানান।
.png)
