logo

নানা পাটেকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিতর্কে তনুশ্রী

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
নানা পাটেকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিতর্কে তনুশ্রী
নানা ও তনুশ্রীর ছবি সংগৃহীত

বর্ষীয়ান ও শক্তিমান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর পর তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় ফের বিতর্কে জড়িয়েছেন সাবেক ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ‘শয়তানের মৃত্যু’ বলে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তনুশ্রী। সেখানে তিনি বলেন, ‘আমি পুরোনো বিষয় নতুন করে সামনে আনতে চাই না। কিন্তু কেউ যদি মানুষকে হয়রানি করে, তাদের ভুক্তভোগী বানায়, নানা অপকর্ম করে, তাহলে তার মৃত্যুর পর কী সব মুছে যায়? তার হিসাব কী বন্ধ হয়ে যায়?’

তিনি আরও বলেন, ‘এই শয়তানের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে আগ্রহ থাকবে। তার বিরুদ্ধে অভিযোগ তোলায় ২০২০ সালের পর আমার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। গুণ্ডারা আমার পিছু নিত। এমনকি আমার গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়েছিল।’

এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নানারকম কটাক্ষের শিকার হচ্ছেন তনুশ্রী। নানা পাটেকারের অনেক ভক্ত-অনুরাগী প্রিয় অভিনেতার মৃত্যুর পর তাকে নিয়ে এমন বাজে মন্তব্য যেন মেনে নিতে পারছেন না।

মূলত আট বছর আগে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। অভিনেত্রীর দাবি, ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানে নানা পাটেকার তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। যদিও এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন নানা পাটেকার।