এক মঞ্চে প্রসেনজিৎ, দেব ও জিৎ

টলিউডে একসঙ্গে তিন তারকা- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ। দৃশ্যটি হয়তো খুব পরিচিত নয়। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে এই তিন জনপ্রিয় অভিনেতাকে একই সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। এবার অবশ্য বড় পর্দায় নয়, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের মঞ্চে একই ফ্রেমে ধরা দিলেন তারা।
পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী এই তিন তারকাকে ঘিরে বরাবরই দর্শকের আগ্রহ তুঙ্গে। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে দেব ও জিতের মধ্যে দূরত্ব কিংবা ‘ঠান্ডা যুদ্ধ’ নিয়ে টলিপাড়ায় কানাঘুষা কম হয়নি। যদিও দুজনই বিভিন্ন সময়ে এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসবের শেষ দিন ছিল রবিবার। সেই আয়োজনেই এক মঞ্চে হাজির হন টলিউডের একাধিক জনপ্রিয় তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ ছাড়াও উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, অঙ্কুশ হাজরা, ঋদ্ধিমা সেন, গৌরব চক্রবর্তীসহ আরও অনেকে।
তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে প্রসেনজিৎ, দেব ও জিতের একসঙ্গে মঞ্চে ওঠার মুহূর্ত। শুধু পাশাপাশি দাঁড়ানো নয়, তিন তারকাকে নাচতেও দেখা যায়। একে অন্যকে জড়িয়ে ধরে ছবিও তোলেন তারা। ফলে মুহূর্তটি দ্রুতই ভক্তদের আলোচনার কেন্দ্রে চলে আসে।
এর আগে দেব ও জিতকে একই সিনেমায় দেখা গিয়েছিল ‘দুই পৃথিবী’তে। এরপর তাদের একসঙ্গে পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা। দুই তারকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও তারা বরাবরই তা ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সম্প্রতি জিতের একটি সিনেমার প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন দেব। সেখানে দেব জানিয়েছিলেন, প্রসেনজিৎ তাদের দুজনকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করছেন। দুর্গাপূজার পর সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
তবে সেই সম্ভাব্য বড় চমকের আগেই উত্তম কুমারকে ঘিরে আয়োজিত উৎসবের মঞ্চে তিন তারকার এই একসঙ্গে হাজির হওয়া নিঃসন্দেহে ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত হয়ে থাকল। মহানায়কের জন্মশতবর্ষ যেন এক মঞ্চে মিলিয়ে দিল টলিউডের তিন প্রজন্মের জনপ্রিয়তার তিন মুখকে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

