রাহুলের শেষ মুহূর্তের ফুটেজ পুলিশের হাতে

শুটিংয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত হবে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্তের আগে সোমবার (৩০ মার্চ) সকালে হাসপাতালে পৌঁছান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। সেখানে তিনি জানান, রাহুলের শুটিংয়ের একটি ফুটেজ পুলিশের হাতে এসেছে। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।
পুলিশ সুপার অংশুমান সাহা জানান, রাহুলের পরিবারের তরফ থেকে এখনও কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। তবে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করা হবে। ভিডিও ফটেজ প্রসঙ্গে বলেন, ‘আমরা একটা ফুটেজ পেয়েছি। তদন্ত নিয়ে এখনও বলার মতো পরিস্থিতি হয়নি। শেষ যখন তাকে (রাহুল) দেখা গিয়েছে জলে শেষ অবস্থায়, সেই পর্যন্ত ফুটেজ আমরা পেয়েছি।’ জানা যায়, পুলিশের কাছে থাকা ফুটেজে মধ্যে লাইফ সেভিংয়ের কোনো বন্দোবস্ত দেখা যায়নি।
রাহুলকে যখন উদ্ধার করা হয় তখনও কি তিনি বেঁচে ছিলেন—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এসপির বক্তব্য, ‘আমরা এই মুহূর্তে তা নিশ্চিত বলতে পারছি না।’
ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনের বরাতে জানা যায়, ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, রোববার তালসারিতে গোড়ালি ডোবা পানিতে দাঁড়িয়েছিলেন সিরিয়ালের অভিনেত্রী শ্বেতা ও রাহুল। তারা নিজেদের মধ্যে জল ছোড়াছুড়ি করছিলেন। রাহুল তখন শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকেন। হাঁটুসমান পানিতে পৌঁছে রাহুল ডিসব্যালান্সড হয়ে যান। ততক্ষণে রাহুল হাবুডুবু খেতে থাকেন। ইউনিটের ১০-১২ কর্মী এগিয়ে গেলেও তিনি তলিয়ে যেতে থাকেন।’