logo

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই অঞ্জলির

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই অঞ্জলির
অঞ্জলি। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে

দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ অঞ্জলি। অভিনয়জীবনে দুই দশকের বেশি সময় পার করেছেন তিনি। তামিল ও তেলেগু সিনেমায় একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার হলেও ব্যক্তিগত জীবনে এখনো বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি।

বিয়ে কবে করছেন অঞ্জলিকে এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয়। তবে বিষয়টি নিয়ে যে তার কোনো তাড়াহুড়ো নেই, সেটিও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ইন্ডিয়াগ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অঞ্জলি। তাকে জিজ্ঞেস করা হয়, কেউ যখন জানতে চান কবে বিয়ে করছেন, তখন বিষয়টি তার কেমন লাগে?

জবাবে বেশ সরাসরি ভঙ্গিতেই অঞ্জলি বলেন, ‘এটা আমার বিয়ে। যখন খুশি তখনই করব। আমি আসলে বুঝতে পারি না।’

বিয়ে যে একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত সেটি বোঝাতেই এমন মন্তব্য করেছেন অভিনেত্রী। তবে এরপর নিজের স্বভাবসুলভ রসিকতায় প্রসঙ্গটিকে আরও মজার করে তোলেন তিনি।

অঞ্জলির ভাষ্য, বিয়ের পর অতিথিরা নিজেদের জীবনে ফিরে যাবেন, থেকে যাবেন শুধু তিনিই। আর বিয়েকে ঘিরে বন্ধুদের যে বাড়তি আগ্রহ, সেটিও তার চোখ এড়ায়নি।

অভিনেত্রীর কথায়, বিয়ে অনেক সময় বন্ধুদের জন্য সাজগোজ, আনন্দ আর ছবি তোলার উপলক্ষ হয়ে ওঠে। তার বন্ধুরাও নাকি বিয়ের অনুষ্ঠানকে সেভাবেই দেখেন কনে সাজবে, সবাই আনন্দ করবে, ছবি তুলবে।

এখানেই অঞ্জলির পাল্টা প্রশ্ন, বিয়েটা তাহলে আসলে কার আনন্দের জন্য? তার মতে, বিয়ের অনুষ্ঠানে কনের চেয়ে কখনো কখনো কনের বন্ধুরাই বেশি আনন্দ করেন। তাই শুধু বন্ধুদের আনন্দের জন্য নিজের বিয়ে করার কোনো কারণ দেখেন না তিনি।

রসিকতা করে বন্ধুদের উদ্দেশে অঞ্জলি বলেন, ‘তোমরা বিয়ে করো, আমি আসব, সাজব, ফটোশুট করব।’

অঞ্জলি আরও জানান, তার বন্ধুরা এখনও তাকে বিয়ে করে এমন অনুষ্ঠানে সাজগোজ ও আনন্দ করার কথা বলেন। তবে নিজের বিয়ের প্রসঙ্গে তাদের এই আগ্রহ তিনি মেনে নিতে নারাজ। মজা করেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী।

এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন অঞ্জলি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত তামিল সিনেমা ‘মাগুডাম’। ছবিটি পরিচালনার দায়িত্বও পালন করেছেন অভিনেতা বিশাল। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে অঞ্জলি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তার সঙ্গে রয়েছেন দুশারা বিজয়ন, জন বিজয়সহ আরও অনেকে।

বর্তমানে অঞ্জলির হাতে আরও কয়েকটি সিনেমার কাজ রয়েছে। তামিল ভাষার ‘ইগেই’ এবং মালায়ালাম ভাষার ‘ওরু পেরুমগালিইত্তাম’সহ একাধিক প্রকল্পে দেখা যাবে তাকে। তামিল সিনেমা ‘ইয়েসহু কাদাই ইয়েসহু মালাই’-এর কাজও এরই মধ্যে শেষ করেছেন অভিনেত্রী।

সূত্র: ইন্ডিয়াগ্লিটজ, সিনেমা এক্সপ্রেস