এই মুহূর্তগুলোকে আমি জীবনের শিক্ষা হিসেবেই দেখি: অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস একসময় ঢাকাই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত কাজ করেছেন তিনি। পর্দায় তাদের চমৎকার রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পর্দার সেই সম্পর্ক বাস্তবেও রূপ নেয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালে নিজের সন্তানকে গণমাধ্যমের সামনে নিয়ে আসেন এই নায়িকা।
তবে সে সময় অপু বিশ্বাসের জীবনের ওপর দিয়ে বয়ে যায় এক ভয়ংকর ঝড়। যা পরবর্তীতে তাকে একজন শক্তিশালী নারী হয়ে উঠতে সাহায্য করে। বিষয়টি নিয়ে এশিয়া পোস্টকে অপু বিশ্বাস বলেন, ‘আমার জীবনে অনেক কঠিন সময় গেছে, ঝড় এসেছে। কিন্তু আমি হাল ছাড়িনি, বরং নিজের মানসিক শক্তি দিয়ে সেই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছি। জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়গুলোই আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে। আমি এগুলোকে ইতিবাচক ভাবেই নিয়েছি। এই কঠিন সময়গুলো না এলে হয়তো আমার জীবনে পরিপূর্ণতা আসতো না। তাই এই মুহূর্তগুলোকে আমি জীবনের শিক্ষা হিসেবেই দেখি।’
একসময়ের তুমুল ব্যস্ত এই অভিনেত্রী বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। পাশাপাশি ভালো গল্প ও চিত্রনাট্য পেলে সিনেমায় অভিনয় করছেন এবং নিয়মিত বিভিন্ন প্রচারণামূলক (প্রোমোশনাল) কাজে অংশ নিচ্ছেন।
.png)





