ঘোমটা দিয়ে মন্দিরে প্রার্থনায় সানি লিওন

মাসখানেক আগে মন্দারমণির সৈকত থেকে ছবি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন সানি লিওন। এবার সম্পূর্ণ ভিন্ন সাজে দেখা গেল বলিউডের এই অভিনেত্রীকে। মুম্বাইয়ের জুহুর ইসকন মন্দিরে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গিয়ে প্রার্থনা করেছেন তিনি। সেখানে হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার-কামিজ ও মাথায় ওড়না দেওয়া সানির ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মন্দিরে সানির পরনে ছিল হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার-কামিজ। হালকা সাজে মাথায় ওড়না দিয়ে ভক্তিভরে প্রার্থনা করতে দেখা যায় তাকে। অন্যদিকে ড্যানিয়েলের পরনে ছিল সাদা টি-শার্ট, সবুজ শার্ট ও ক্রিম রঙের প্যান্ট। স্ত্রীকে পাশে নিয়ে তিনিও প্রার্থনায় অংশ নেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন একটি প্রকল্পের সাফল্য কামনা করেই ইসকন মন্দিরে গিয়েছিলেন সানি। নতুন কাজ শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে তার এই মন্দিরে যাওয়া।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সানি। ভারত, থাইল্যান্ড ও কানাডার বিভিন্ন শহরে ইতোমধ্যে পারফর্ম করেছেন তিনি। এ ছাড়া দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, কোচি ও পাতায়াতেও মঞ্চে দেখা গেছে তাঁকে। আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে স্কটল্যান্ডের গ্লাসগো ও আয়ারল্যান্ডের ডাবলিনেও পারফর্ম করেছেন এই অভিনেত্রী। ট্যুরের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া।
অভিনয়ের ক্ষেত্রেও একাধিক কাজ রয়েছে সানির হাতে। ‘কেনেডি’ সিনেমায় অভিনয়ের পর এবার তাকে দেখা যাবে হরর-কমেডি ‘চুড়াইল’-এ। টিএলভি প্রসাদের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে সানির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মন্দানা করিমি ও রাহুল দেব। ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে উত্তর প্রদেশে।
‘চুড়াইল’-এ বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার চরিত্রে অভিনয় করছেন সানি। তাঁর বিপরীতে আরেকটি অতিপ্রাকৃত শক্তির চরিত্রে রয়েছেন মন্দানা করিমি। সিনেমাটি ২০২৬ সালের শেষ দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে। ভারতীয় বিভিন্ন ভাষায় সিনেমাটির মুক্তির পরিকল্পনার কথাও জানা গেছে।
একসময় প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন সানি লিওন। সেই অধ্যায় পেরিয়ে ভারতের মূলধারার বিনোদনজগতে তাঁর পরিচিতি তৈরি হয় ‘বিগ বস’-এর মাধ্যমে। সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর বলিউডে অভিনয়ের সুযোগ পান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সংগীত পরিবেশনা ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত এই অভিনেত্রী।


