logo

স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে ‘দো দিওয়ানে শেহের মে’

স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে ‘দো দিওয়ানে শেহের মে’

আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে দুনিয়ায় টিকে থাকার, নিজেদের প্রতিষ্ঠিত করতে চাওয়ার এক মনোমুগ্ধকর কাহিনি ‘দো দিওয়ানে শেহের মে’। নিরাপত্তাহীনতা ও সামাজিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করার সময়, তাদের যাত্রা শহরের বিশৃঙ্খলা থেকে পাহাড়ি প্রশান্তিতে নিয়ে যায়। এভাবেই গড়ে ওঠে সিনেমার কাহিনি। সিদ্ধান্ত চতুর্বেদী ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমাটি পর্দায় এসেছে ২০ ফেব্রুয়ারি।

রবি উদয়ওয়ার পরিচালিত ‘দো দিওয়ানে শেহের মে’ মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। অনেকেই এই প্রেমের গল্পকে নতুন কিন্তু কালজয়ী আখ্যা দেয়। এমনকি নির্মাতারাও জানান, এ বছরের সবচেয়ে সুন্দর ও হৃদয়গ্রাহী প্রেমের গল্পগুলো একটি হতে যাচ্ছে সিনেমাটি। তবে পর্দায় আসার পর দর্শকরা গতানুগতিকতার বাইরে কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে মত দেন।

রিলিজের প্রথম দিন বেশ সাড়া জাগালেও দ্বিতীয় দিন বক্স অফিসে হতাশ করেছে। দ্বিতীয় দিন মাত্র দেড় কোটি রুপি ঘরে তুলতে পেরেছে। ছবিটির দুই দিনের আয় ভারতীয় বক্স অফিসে ২.৭৫ কোটি রুপি।


একটি অসম্পূর্ণ জুটির নিখুঁত প্রেমের গল্পনির্ভর সিনেমাটি প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বানসালি। একজনের উচ্চারণে সমস্যা, অন্যজন এসেছে পৃথিবী বদলে দিতে। শুরুতেই সম্পর্কটা ঝামেলাপূর্ণ হলেও, শেষে তারা একে অপরের প্রেমে পড়ে। প্রধান জুটি ছাড়াও সিনেমাটিতে ইলা অরুণ, জয় সেনগুপ্ত, আয়েশা রাজা, সন্দীপা ধর, নবীন কৌশিকসহ আরও অনেকে অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন হেশাম আবদুল ওয়াহাব ও জয়দেব। সিনেমাটির গানগুলো খুবই হৃদয়কাড়া।

সিনেমাটি বক্স অফিসে এখন পর্যন্ত সফল না হলেও দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। সিনে-সমালোচকরাও প্রশংসা করেছেন ‘দো দিওয়ানে শেহের মে’র। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে ম্রুণাল ও সিদ্ধান্তের স্বপ্ন ছোঁয়ার লড়াই।