logo
Advertisement

বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুম বিজয়ের, ছবি তুলে খোঁচা রাশমিকার

এশিয়া পোস্ট বিনোদন
বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুম বিজয়ের, ছবি তুলে খোঁচা রাশমিকার

বৃষ্টির কারণে শুটিং বাতিল। আর সেই অবসরেই যেন শৈশবের দিনগুলোতে ফিরে গেলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। বাবা-মা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মাধবী দেবেরাকোন্ডার মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন তার স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে মজার খুনসুটিতেও মেতেছেন তারকা দম্পতি।

Advertisement

ছবিতে দেখা যায়, বাবা-মায়ের মাঝখানে গভীর ঘুমে আচ্ছন্ন বিজয়। মুখে শিশুসুলভ প্রশান্তি। শুটিং বাতিল হওয়ার কারণে পাওয়া অবসরেই এমন ঘুমের সুযোগ মিলেছে বলে জানিয়েছেন অভিনেতা।

ছবিটির ক্যাপশনে বিজয় লেখেন, বৃষ্টির কারণে শুটিং বাতিল হওয়ায় শৈশবের মতো নিজের প্রিয় জায়গায় দুপুরের একটু ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। সেই ঘুমে তার ‘হাজার শতাংশ’ ক্লান্তি দূর হয়েছে বলেও মজা করে জানান অভিনেতা।

তবে ছবির আসল মজার জায়গাটি তৈরি হয় রাশমিকার মন্তব্যে। বিজয়ের পোস্টে ছবির কৃতিত্ব দেওয়ায় মজার ছলে আপত্তি জানান অভিনেত্রী। তিনি জানতে চান, শুধু এই ছবিটির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হবে? গত কয়েক বছরে বিজয়ের আরও যেসব ছবি তিনি তুলেছেন, সেগুলোর কৃতিত্বও তাকে দেওয়া উচিত বলে রসিকতা করেন রাশমিকা।

নিজের ফটোগ্রাফির দক্ষতা প্রিয় মানুষদের দেখানোর সুযোগ দেওয়া উচিত বলেও মজার ছলে বিজয়কে খোঁচা দেন তিনি। স্বামী-স্ত্রীর এমন রসিকতা ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত সেই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

বিজয় ও রাশমিকার বিয়ের মুহূর্ত। ছবি: সংগৃহীত
বিজয় ও রাশমিকার বিয়ের মুহূর্ত। ছবি: সংগৃহীত

বিয়ের পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ‘রণবালী’-তে বিজয়কে নাম ভূমিকায় এবং রাশমিকাকে জয়াম্মা চরিত্রে দেখা যাবে। ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি ১১ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

‘রণবালী’তে আবারও একসঙ্গে পর্দায় ফেরার আগে বিজয় ও রাশমিকা জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ সিনেমায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এনডিটিভি

বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুম বিজয়ের, ছবি তুলে খোঁচা রাশমিকার