logo

অদ্ভুত এক পুলিশ চরিত্রে আসছেন সুরিয়া

অদ্ভুত এক পুলিশ চরিত্রে আসছেন সুরিয়া

সুরিয়া সারাভানান শিবকুমার—সিনেমা জগতের সবাই তাকে সুরিয়া নামেই ডাকেন, চেনেন। তামিল ইন্ডাস্ট্রির এই সুপারহিরোর ভক্ত নন, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। একের পর হিট সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকহৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন। এবার আসছে সুরিয়ার পরবর্তী প্রজেক্ট ‘সুরিয়া ৪৭’।

সুরিয়ার নতুন এই সিনেমার পরিচালনায় থাকবেন সাড়া জাগানো মুভি ‘আবেশাম’ পরিচালক জিথু মাধবন। অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমাটি ‘একটি যথাযথ তামিল ছবি হবে’ হবে জানিয়েছেন পরিচালক। সূত্র: পিঙ্কভিলা

সুরিয়াকে একজন অদ্ভুত পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে এই অ্যাকশন-কমেডি সিনেমায়। যিনি তার মতোই একটি দল পরিচালনা করেন। কিন্তু চক্রান্ত করে একটি গুরুতর মামলায় তাদের ফাঁসানো হয়। তখন পাল্টে যায় তাদের জীবন। সুরিয়ার সঙ্গে এতে মালায়ালাম অভিনেতা নাসলেন কে গফুরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে নিশ্চিত করেছেন জিথু মাধবন।  

বেশির ভাগ তারকা মালায়ালাম ইন্ডাস্ট্রির হওয়ায় সিনেমাটি তামিল নাকি মালায়ালাম—এ নিয়ে ছিল জিজ্ঞাসা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে আলাপচারিতায় মাধবন বিষয়টি খোলাসা করেন, ‘সুরিয়া ৪৭ একটি সম্পূর্ণ ও যথাযথ তামিল ছবি। এর শুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে।’

বর্তমানে সুরিয়া আর জে বালাজি পরিচালিত ‘কারুপ্পু’ ও ভেঙ্কি আটলুরির ‘সুরিয়া ৪৬’ নিয়ে ব্যস্ত। দুটি সিনেমার কাজ প্রায় শেষের পথে। আটলুরির সিনেমায় সুরিয়ার সঙ্গে পর্দায় দেখা যাবে মমিতা বৈজু ও রাভিনা ট্যান্ডনকে। ‘কারুপ্পু’র পরপরই জুলাই বা আগস্টে ‘সুরিয়া ৪৬’ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের দক্ষিণী সিনেমার পর্দা যে ‘সিংগাম’, ‘জয় ভীম’ তারকা সুরিয়ার দখলে থাকবে, তা বলাই যায়।