‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’র মুক্তিতে শনির বলয়

বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে ভিগনেশ শিবান পরিচালিত সাই-ফাই রোমান্টিক কমেডি সিনেমা ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’র মুক্তিতে। সিনেমাটি দেখতে ভক্তরা দীর্ঘদিন অপেক্ষায় আছেন। তাদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা। এর আগেও সিনেমাটি ঘিরে জটিলতা দেখা দেওয়ায় মুক্তি পেছানো হয়। এবার আবারও বাধা পেল মুক্তিতে। ৩ এপ্রিল তারিখ চূড়ান্ত হলেও এখন আবার সপ্তাহখানেক পেছানো হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন তামিল ইন্ডাস্ট্রির শতভাগ সফল অভিনেতা প্রদীপ রঙ্গনাথন। এখন পর্যন্ত তার প্রতিটি ছবিই ব্যবসাসফল ও জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে ‘ডুড’ ব্লকবাস্টার হয়েছে। প্রদীপ রঙ্গনাথন ও কৃতি শেঠি ছাড়াও ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এস জে সূর্য ও গৌরী কিষাণ। সূত্র: পিঙ্কভিলা
চেন্নাইয়ের এক ভবিষ্যৎ সংস্করণ, যেখানে এমনকি প্রেমও অ্যাপের মাধ্যমে প্রোগ্রাম করা হয় এবং প্রযুক্তি দিয়ে তা পরিমাপ করা যায়। তবে পুরোনো দিনের প্রেমে বিশ্বাসী এক পুরুষের সঙ্গে ধীমা নামের এক প্রযুক্তিপ্রেমী নারীর দেখা হয়। যখন তাদের সম্পর্কটি একটি লাভ অ্যাপের সিইও সুরিয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন সেই যুবককে করপোরেট শক্তি এবং সম্পর্ক বিষয়ে প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তার ভালোবাসার জন্য লড়াই করতে হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রথমে মুক্তির সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু দীপাবলির জন্য পিছিয়ে সেটি ১৭ অক্টোবর করা হয়। যখন জানা যায়, একই অভিনেতার ‘ডুড’ও ওই দিন মুক্তি পাবে, তখন নির্মাতারা আবার ছবিটি পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। এরপর পরিচালক ভিগনেশ শিবানের ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি (এলআইকে)’-এর নির্মাতারা ১৮ ডিসেম্বর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে ভ্যালেন্টাইনস ডে লক্ষ্য রেখে নির্মাতারা ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার কথা ভাবছিলেন; কিন্তু তাও হয়নি। এবারও পিছিয়ে গেল তারিখ।
অবশেষে পরিচালক ভিগনেশ শিবান গত সপ্তাহে ঘোষণা করেন তার সিনেমাটি আগামী ৩ এপ্রিল মুক্তি পাবে। তবে, এখন এটি আবারও স্থগিত করে ১০ এপ্রিল করা হয়েছে। রীতিমতো সিনেমাটি মুক্তিতে শনির বলয় যেন!