logo

নতুন বিতর্কে ‘হেরা ফেরি ৩’

নতুন বিতর্কে ‘হেরা ফেরি ৩’

প্রযোজকদের মধ্যে রাইটস শেয়ার দ্বন্দ্বে ‘হেরা ফেরি ৩’ নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। ২০০০ সালের মার্চে বলিউডের পর্দায় আলোড়ন তোলে প্রিয়দর্শনের কমেডি ড্রামা ‘হেরা ফেরি’। সেই সিনেমার তৃতীয় পর্ব নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কয়েক মাস আগে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির দুই তারকা অক্ষয় ও পরেশ রাওয়ালের ব্যক্তিগত দ্বন্দ্বে ‘হেরা ফেরি ৩’ নিয়ে সমস্যা তৈরি হয়। সংশ্লিষ্টদের প্রচেষ্টায় সেই জটিলতা কেটে যায়। তবে এবার নতুন করে দেখা দিয়েছে আরেক জটিলতা।

প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ফিরোজ নাদিওয়ালা। ভারতীয় গণমাধ্যম এই সময় সূত্রে জানা যায়, ওই সংস্থার প্রধান বিজয়কুমার সিনেমাটির সিক্যুয়েল তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে ফিরোজ অভিযোগ করেন। অবশ্য বিজয়কুমারের দাবি, হেরা ফেরি ছবির সব রাইটস তার কেনা। ওই ছবির কোনো সিক্যুয়েল বা প্রিক্যুয়েল তৈরির অনুমতি তিনি দেননি। এর পরই প্রশ্ন উঠছে, কেন সিক্যুয়েল তৈরির সময় প্রযোজকের বিরুদ্ধে কেন ফিরোজ অভিযোগ তোলেননি? ‘হেরা ফেরি’র পরিচালক প্রিয়দর্শন এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন।

অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়াল ও সুনীল শেঠির জুটি ২০০০ সালে ‘হেরা ফেরি’ উপহার দিয়ে বলিউডের কমেডিকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। দর্শক ও সমালোচক উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হয়। এরপর সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’ ২০০৬ সালে বের হয়। সেটিও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। 

দীর্ঘ বিরতির পর নতুন সিক্যুয়েল নির্মাণের আগেই বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় প্রজেক্টটির ভবিষ্যৎ নিয়েই শঙ্কিত সিনেপ্রেমীরা।