ঘুমের মধ্যেই অভিনেত্রী অনন্যার মৃত্যু

মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেল ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের পথচলা। হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করা এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে গত ১৫ জুলাই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুমের মধ্যেই শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সম্প্রতি অনন্যার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর প্রকাশ করে তার পরিবার। সেখানে জানানো হয়, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তবে প্রতিকূলতার মধ্যেও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছিলেন তিনি।
পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, অনন্যা ছিলেন অত্যন্ত শক্ত মনের মানুষ। তার আকস্মিক মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতা পরিবার গভীরভাবে অনুভব করবে। একই সঙ্গে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চাওয়া হয়েছে। এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখারও অনুরোধ জানানো হয়েছে।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করে পরিচিতি পান। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
শুধু হিন্দি সিনেমাতেই সীমাবদ্ধ থাকেননি অনন্যা। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি. রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।
এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটিতে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা।
চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করেও দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন অনন্যা। ভারতের কয়েকটি শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।
অভিনয়ের জগতে খুব দীর্ঘ সময় কাটানোর সুযোগ না পেলেও হিন্দি থেকে তেলুগু-বিভিন্ন ভাষার সিনেমায় কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন এই অভিনেত্রী।
তবে সেই পথচলা আর দীর্ঘ হলো না। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াইয়ের পর মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হলো অনন্যা রাজের। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন পরিবার, সহকর্মী ও অনুরাগীরা।


