logo

স্পাই থ্রিলার ‘প্যাট্রিয়ট’-এ ফিরছে মোহনলাল-মামুত্তি জুটি

স্পাই থ্রিলার ‘প্যাট্রিয়ট’-এ ফিরছে মোহনলাল-মামুত্তি জুটি

মালায়ালাম সিনেমার দুই কিংবদন্তি মামুত্তি ও মোহনলাল একসঙ্গে ফিরছেন 'প্যাট্রিয়ট' দিয়ে। মহেশ নারায়ণন পরিচালিত আসন্ন স্পাই থ্রিলারটি আগামী ১ মে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন। 'প্যাট্রিয়ট' দিয়ে দীর্ঘদিন পর এই জুটির ঝলক আবারও দেখা যাবে। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে প্রজেক্টটা কতটা বড় স্কেলের।

অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে সিনেমাটি একটু পেছানো হয়েছে। প্রথমে এটি ২৩ এপ্রিল মুক্তির পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের। পরে সিদ্ধান্ত হয় মোহনলাল-মামুত্তির সিনেমাটি ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতারা ভক্তদের আশ্বস্ত করেছেন, অপ্রত্যাশিত কারণেই এই বিলম্ব এবং এটি দর্শকদের উচ্চমানের সিনেমাটিক অভিজ্ঞতা দেবে।

‘প্যাট্রিয়ট’-এ মালায়ালাম সিনেমার দুই মহাতারকা মামুত্তি ও মোহনলাল থাকায় সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। এর সঙ্গে রয়েছে লেডি সুপারস্টার নয়নতারার গ্ল্যামার। মোহনলালের সাবলীল অভিনয় বরাবরই দর্শকদের পুলকিত করে। এই স্পাই থ্রিলারও তৈরি করেছে ব্যাপক আগ্রহ। এতে মোহনলাল একজন সৈনিক এবং মামুত্তি ডা. ড্যানিয়েল জেমস চরিত্রে অভিনয় করেছেন।

এ দুই দক্ষিণী কিংবদন্তির পাশাপাশি ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। আরও পর্দা ভাগ করবেন দক্ষিণী সিনেমার প্রভাবশালী অভিনেতা ফাহাদ ফাসিল। এ ছাড়াও রয়েছেন রাজীব মেনন, রেবতী, গ্রেস অ্যান্টনি, জারিন শিহাব, শ্রীপার্বতী, গীতি সঙ্গীতা, জিনু জোসেফ, ড্যানিশ হুসেন, শাহীন সিদ্দিকী, সানাল আমান ও প্রকাশ বেলাওয়াড়ি।

জাতীয় নিরাপত্তার জরুরি অবস্থা এবং গোপনীয় এজেন্টদের নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নতুন তারিখ নিশ্চিত হওয়ায় দর্শকরাও প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় আছেন।