প্রশান্তের মৃত্যুতে গ্যাঁড়াকলে সালমান

সালমান খানের জন্য আবারও দুঃসংবাদ! সহ-অভিনেতা প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যুতে পেছানো হচ্ছে বলিউড ভাইজানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এর আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। এপ্রিলের শুরুতে বড় পর্দায় আসার কথা থাকলেও, সেটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
গত জানুয়ারিতে ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিনেতা প্রশান্ত তামাং হঠাৎ মারা যান। সালমানের সিনেমায় তিনি প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছিলেন। ওই সময় সিংহভাগ কাজ শেষ হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল। প্রশান্তর আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনায় ছেদ পড়ে। প্রশান্ত ছাড়া ওই অ্যাকশন দৃশ্যগুলো সম্পন্ন করা নির্মাতাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এমনিতেই সালমান খানের সাম্প্রতিক দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এখন ‘মাতৃভূমি’ নিয়েও পড়েছেন বিপাকে। একই সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনার পাশাপাশি কটাক্ষের শিকারও হয়েছেন সালমান। তবে মুক্তি পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত টিমের যৌথ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আজকাল সূত্রে জানা গেছে, প্রশান্তের চরিত্রটি গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকশন দৃশ্যগুলো পুনরায় শুটিং করা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। ফলে ছবির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।
সিনেমা সংশ্লিষ্টরা এখন কয়েকটি সম্ভাব্য সমাধান নিয়ে ভাবছেন। অন্য কোনো অভিনেতা বা ভিএফএক্স প্রযুক্তির সাহায্যে বাকি দৃশ্য সম্পূর্ণ করার চেষ্টা চলছে। এরই মধ্যে শুট করা ফুটেজের ওপর ভিত্তি করে গল্পে পরিবর্তন আনার কথাও ভাবা হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তিগত ও আইনি জটিলতা। বিশেষ করে পরিবারের সম্মতির বিষয়টি গুরুত্বপূর্ণ। ‘মাতৃভূমি’ কবে মুক্তি পাবে, তা এখন সম্পূর্ণ নির্ভর করছে নির্মাতাদের পরবর্তী সিদ্ধান্তের ওপর।