প্রেম-বিচ্ছেদের খেলায় এবার আদিত্য-তারা

সাম্প্রতিক সময়ে প্রেম-বিচ্ছেদের খেলায় মেতে উঠেছে বলিউডসহ ভারতীয় বিনোদন ভুবন। নিত্যনতুন প্রেমের সম্পর্ক আর বিচ্ছেদের এই খেলায় এবার নাম উঠেছে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী তারা সুতারিয়া ও আদিত্য রয় কাপুরের। ভারতীয় শিল্পপতি ও পোলো খেলোয়াড় বীর পাহাড়িয়ার সঙ্গে বেশ কিছুদিন চুটিয়ে প্রেম করেছেন তারা সুতারিয়া। এখন গুঞ্জন, বীর পাহাড়িয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে নতুন প্রেমে মত্ত অভিনেত্রী।
এবার খবর রটেছে, ‘আশিকি ২’ তারকা আদিত্য রয় কাপুরের সঙ্গে প্রেম করছেন সুতারিয়া। অবশ্য বীর পাহাড়িয়ার বা তারা সুতারিয়া কেউই বিচ্ছেদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আদিত্যর ব্যাপারটি নিয়ে রয়েছে ধোঁয়াশা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তারা সুতারিয়া এখন আদিত্যের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। বীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে আদিত্যের এই এন্ট্রিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তারা সুতারিয়া।
গত বছরের শেষ দিকে এপি ধিলনের মুম্বাই কনসার্টের একটি ভাইরাল ক্লিপে তারা ও বীরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। মনে করা হচ্ছিল তাদের সম্পর্ক বেশ ভালোই চলছে। পরে তারা ও বীর দুজনই ইনস্টাগ্রামে বিষয়টিকে স্রেফ বন্ধুত্ব বলে অভিহিত করেন।
এদিকে, অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আদিত্যর দীর্ঘ দিনের সম্পর্ক ২০২৪ সালে শেষ হয়। এবার তারা সুতারিয়াকে ঘিরে আবারও তার ব্যক্তিগত জীবন আলোচনায় আসে। এখন তারা ও আদিত্য একে অপরের সঙ্গে প্রেম করছেন—এমনটাই শোনা যাচ্ছে বলিপাড়ায়। মাঝখানে গোয়ার একজন মডেল-অভিনেত্রীর সঙ্গেও নাম জড়িয়েছিল আদিত্যর।
আবেদনময়ী তারা সুতারিয়ার সঙ্গে আদিত্যের ঘনিষ্ঠতার গুঞ্জন বলিপাড়ায় ছড়াতেই শুরু হয়েছে নতুন চর্চা। ভক্তদের একাংশ অবশ্য বিষয়টিকে গুজব বলে উড়িয়ে, আসন্ন কোনো সিনেমায় তাদের সম্ভাব্য নতুন জুটি হিসেবেই ভাবছেন।
মোদ্দা কথা, সাম্প্রতিক সময়ে প্রেম আর বিচ্ছেদের গুঞ্জনে সম্পর্কের ভাঙা-গড়ার খেলায় ভারতীয় বিনোদন ভুবন এখন আলোকিত আর সরগরম।