‘কেউ আমাকে আলাদা করতে পারবে না’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ব্যক্তিগত খবরে চাউর বিনোদনপাড়া। কয়েক মাস ধরে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবরে সরগরম তামিলনাড়ুর বিনোদনজগৎ। রাজনীতির অঙ্গনেও চলছে বিজয়ের চর্চা। এবার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে হুংকার দিলেন থালাপতি বিজয়।
সম্প্রতি প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। অনেক আগে থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও মামলার পর সেই গুঞ্জন আরও জোরদার হয়। তবে এখনো তৃষা সেই সম্পর্কের কথা অস্বীকার করে চলেছেন।
নিজের প্রতিষ্ঠিত ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) পার্টির ব্যানারে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন বিজয়। এ মুহূর্তে চলছে নির্বাচনী প্রচার। এক নির্বাচনী জনসভায় বিজয় বলেন, ‘নির্বাচনের আগে আমার চারপাশের বেশ কিছু মানুষ সম্মানহানির চেষ্টা করেছিলেন। তারা আমাকে যতই পরীক্ষা ও কষ্টের মধ্যে ফেলুক না কেন, জনগণের কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না।’
ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে জানা যায়, অনেকেই দাবি করেন, স্ত্রীর উদ্দেশ্যেই বিজয় এ ধরনের বক্তব্য দেন। কিছুদিন আগেও বিজয় তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আলোচনায় কান না দিতে অনুরোধ করেন। শোনা যায়, এরই মধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন অভিনেতা।
অনেকের অভিযোগ, অভিনেতা স্ত্রী ও সন্তানদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। তবে জানা যায়, স্ত্রীর নামে করা বিনিয়োগ থেকে সঙ্গীতা মাসে ৪৯ লাখ রুপি পাচ্ছেন।