logo

রণবীর সিংকে হত্যার হুমকি

রণবীর সিংকে হত্যার হুমকি

বলিউড অঙ্গনে আবারও আতঙ্ক-উদ্বেগ। এবার হত্যার হুমকি পেলেন বলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। ১০ কোটি টাকা চাঁদা চেয়ে ‘ধুরন্ধর’ তারকাকে হত্যার হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।

বলিউড লাইফের তথ্য অনুযায়ী, বলিউড অভিনেতা রণবীর সিং বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে ১০ কোটি টাকা চাঁদার দাবিতে মৃত্যুর হুমকি পেয়েছেন বলে জানায় মুম্বাই পুলিশ। এরই মধ্যে পুলিশ বিভাগ থেকে রণবীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফ্রি প্রেস জার্নালের উদ্ধৃতি দিয়ে মুম্বাই পুলিশের একটি শীর্ষ সূত্র জানায়, হুমকিটি একটি আমেরিকান ফোন নম্বর থেকে ভয়েস বার্তার মাধ্যমে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ব্যবহৃত ফোন নম্বর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

হুমকিদাতার পাঠানো অডিও বার্তায় রণবীরকে উদ্দেশ করে বলা হয়, তিনি উপদেশ দিতে ভালোবাসেন, এবার যেন অন্যের কথা শোনেন। তার অধীনে কাজ করা ব্যবস্থাপক ও কর্মীদের সব তথ্য তাদের হাতে রয়েছে বলেও দাবি করা হয়। সরাসরি তাকে আঘাত না করে কর্মীদের লক্ষ্যবস্তু বানানোর হুমকিও দেওয়া হয় ওই অডিও বার্তায়।

সম্প্রতি, বলিউড ভাইজান সালমান খানের পর নির্মাতা রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ছাড়াও বিভিন্ন সময় অভিনেতা গোবিন্দা, সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাসহ কয়েকজন বলিউড তারকা দুর্বৃত্তদের কাছ থেকে হুমকি পান। একের পর এক তারকাকে উদ্দেশ্য করে হুমকির ঘটনায় বলিউডসহ ভারতের বিভিন্ন সিনেইন্ডাস্ট্রিতে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।