logo

অস্ত্রোপচারের পর স্থিতিশীল দক্ষিণী তারকা পবন কল্যাণ

অস্ত্রোপচারের পর স্থিতিশীল দক্ষিণী তারকা পবন কল্যাণ

দক্ষিণ ভারতীয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অভিনেতার স্ত্রী আন্না কোনিডেলা তার অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার (১৭ এপ্রিল) নায়ক থেকে রাজনীতিবদ হওয়া এই তারকা একটি প্রশাসনিক বৈঠকের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসকদের পরামর্শে সব কর্মসূচি বাতিল করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর দ্রুত এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে কিছু জটিলতা দেখা দেওয়ায় শনিবার সন্ধ্যায় সার্জারি করা হয় তাকে। তবে অস্ত্রোপচারের পর তিনি স্থিতিশীল আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সূত্র: সংবাদ প্রতিদিন
অস্ত্রোপচারের পর রোববার স্ত্রী আন্না কোনিডেলা ইনস্টাগ্রামে জানান, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন। সব ঠিক আছে। ধন্যবাদ।’ চিকিৎসকদের পরামর্শে এই তারকাকে অন্তত দশ দিন বিশ্রামে থাকতে হবে।

পবন কল্যাণের শারীরিক অবস্থা জানিয়ে তার বড় ভাই অভিনেতা চিরঞ্জীবী বলেন, ‘পবনের সফল অস্ত্রোপচার হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’

খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও চলচ্চিত্র মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নায়কের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।