‘টক্সিক’-এর টিজারেই ঝড় যশের

এই যুদ্ধটা হতে যাচ্ছে অন্যরকম—এভাবেই শুরু রকিং স্টার যশের ‘টক্সিক’-এর টিজার। বহুল কাঙ্ক্ষিত এই সিনেমার টিজারটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শোরগোল চারদিকে। সিনেপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়ছেন ইউটিউবে প্রকাশিত কেজিএফের সেই রকি ভাইয়ের নতুন আরেকটি ভয়ংকর অবতারে ভরা টিজার দেখতে। প্রথম ঘণ্টাতেই দেড় মিলিয়নের বেশি দর্শক টিজারটি দেখেছেন।
গীতু মোহনদাসের নতুন সিনেমায় নেশাগ্রস্ত রূপকথার 'শিষ্টাচার' শেখাতে ফিরে এসেছেন যশ। ভয়ংকর অ্যাকশন ও ভায়োলেন্সে ভরা সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফায়েড করা। ১ মিনিট ৫৫ সেকেন্ডের টিজারটিতে রয়্যাল সার্কাসের অবস্থান দেখানো হয়েছে, যেখানে এক বিশাল হুলুস্থুল ও সংঘর্ষ ঘটবে। যশের রায়া শিষ্টাচার শেখাতে বিশ্বের বিরুদ্ধে যায়। আর সেখান থেকেই শুরু যশের এক রক্তাক্ত যুদ্ধের।
বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল যশের ‘টক্সিক’ সিনেমাটি ঘিরে। কেজিএফের তোলপাড়ের পর পর্দায় কোন রূপে আসবেন ইয়াশ, আর তার চরিত্রটিই বা কেমন হবে—তাই নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে পরিচালক গীতু মোহনদাস থ্রিলার ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা যায় যশের সেই ভয়ংকর চেহারা আর অ্যাকশন।
বাঁচতে হলে তুমি কখনোই পৃথিবীর বিপক্ষে যেতে পারবে না—যশের এই ডায়ালগ নিশ্চিত আলোড়ন তুলবে। টিজার দেখে রোমাঞ্চ, উত্তেজনা, ড্রামা ও অ্যাকশনের এক ওভারলোড প্যাকেজ বলে মনে হলো। বর্তমান সময়ের দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে আগ্রহী, ‘টক্সিক’ই হতে যাচ্ছে তাদের সেই প্রত্যাশা পূরণের মাধ্যম।
পিঙ্কভিলার খবর, যশের সঙ্গে ‘টক্সিক’ মাতাতে থাকবেন কিয়ারা আদভানি ও নয়নতারা। এই গ্যাংস্টার সিনেমায় তাদের দেখা যাবে সাহসী এবং ভয়ংকর চরিত্রে। এ ছাড়াও এই গ্যংয়ে যোগ দেবেন হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত—যারা প্রতিটি স্টেপে যশের সহযোদ্ধা হিসেবে থাকবেন পর্দায়। টোভিনো থমাস, অক্ষয় ওবেরয়, ড্যারেল ডি'সিলভা, সুদেব নায়ার, সুরজিৎ গোপীনাথ, অমিত তিওয়ারিসহ বেশ কয়েকজন তারকা ক্যামিও চরিত্রে ইয়াশের সঙ্গে যোগ দেবেন যুদ্ধে।
দর্শকরা যশের এই যুদ্ধের আসল রহস্য উন্মোচন করতে পারবেন আগামী ১৯ মার্চ। এর আগে মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ হবে আকর্ষণীয় ট্রেলার।