পরিচালকদের ‘বকুনি’ শুনতে হয়েছে অমিতাভ বচ্চনকেও

প্রায় ছয় দশক ধরে হিন্দি চলচ্চিত্রে রাজত্ব করা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের শুরুর সময়টা মোটেও সহজ ছিল না। অভিনয়ের দক্ষতা থেকে শুরু করে তার দীর্ঘ উচ্চতা—সবকিছু নিয়েই শুনতে হয়েছে পরিচালকদের নানা কথা।
সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেন অমিতাভ।
ক্রীড়াজগতকে কেন্দ্র করে আয়োজিত ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, প্রশিক্ষণের সময় ভুল করলে যেমন খেলোয়াড়দের কোচের বকুনি শুনতে হয়, তেমনি শুটিংয়ের সময় অভিনেতাদেরও কি পরিচালকদের রোষের মুখে পড়তে হয়?
প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন অমিতাভ। এরপর জানান, অভিনয়ের শুরুর দিকে তাকে নিয়মিতই পরিচালকদের বকুনি শুনতে হতো।
অমিতাভ বলেন, আমাকে খুবই বকাঝকা করা হতো। শুরুর দিকে তো প্রচুর বকুনি খেয়েছি। তুমি কিছুই জানো না, অভিনয়-টভিনয় কিছুই পারো না। তুমি খুব বেশিই লম্বা, বাড়ি চলে যাও।
তবে কাজ পাওয়ার পরও তার লড়াই শেষ হয়নি। সুযোগ পেলেও তার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি জানাতেন অনেকে। পরিচালকদের বকুনি ও সংশোধনের মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের অভিনয়ের ধরন তৈরি করেন তিনি।
অভিনয়জীবনের শুরুর দিকের আরও একটি ঘটনার কথা জানান অমিতাভ। একবার শুটিংয়ে পৌঁছাতে তার দেরি হয়ে যায়। তখন নিজের কোনো গাড়িও ছিল না। অন্যের গাড়ি নিয়ে শেষ পর্যন্ত সেটে পৌঁছান তিনি।
কিন্তু সেখানে গিয়ে দেখেন, পরিচালক ততক্ষণে শুটিং গুটিয়ে ফেলেছেন। সেটের বাইরে দাঁড়িয়ে থাকা অমিতাভকে দেখেই পরিচালক বলেন, এখনই এখান থেকে বেরিয়ে যাও।
অমিতাভ জানান, সাধারণত শুটিংয়ে সময়মতো পৌঁছানোর ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। কিন্তু সেই একবার দেরি করায় পরিচালকের কাছ থেকে এমন কঠোর আচরণ পেতে হয়েছিল তাকে।
আজকের অমিতাভ বচ্চনের অবস্থান থেকে দেখলে সেই দিনগুলোর কথা অবিশ্বাস্য মনে হতে পারে। তবে তার নিজের কথাতেই স্পষ্ট, বলিউডের শাহেনশাহ হয়ে ওঠার পথটা শুরুতে মোটেও মসৃণ ছিল না।



