logo

অভিনেতা থেকে বিলিয়নিয়ার

অভিনেতা থেকে বিলিয়নিয়ার

অস্ট্রিয়ার একটি ছোট শহর থেকে খ্যাতির শীর্ষে পৌঁছান হলিউড কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার। তার এই যাত্রা অসাধারণ কিছু নয়। সাফল্যের পেছনে না ছুটে যে কাজই হোক, তা ইনজয় করার মানসিকতাই তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। ‘দ্য টার্মিনেটর’-এ আইকনিক চরিত্রে অভিনয় করা এই কিংবদন্তি এখন ১.২ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

ব্লকবাস্টার ভূমিকা, শরীরচর্চা, ব্যবসা অথবা রাজনীতি—যেখানে গেছেন সেখানেই সফল শোয়ার্জনেগার। বিনোদন ভুবনে সর্বাধিক পরিচিতি থাকলেও সাবেক মিস্টার অলিম্পিয়া অভিনয় থেকে সরে এসে রাজনীতিতে নামেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর হন।

এক সময়ের বিনোদন জগতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত আর্নল্ড শোয়ার্জনেগার এখন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন। অভিনেতা হিসেবে শুরু করে বিলিয়নিয়ার হওয়ার পথে প্রচুর বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাকে। ফোর্বস জানায়, আর্নল্ড শোয়ার্জনেগারের মোট সম্পদের বর্তমান মূল্য ১.২ বিলিয়ন মার্কিন ডলার। চলচ্চিত্রের পারিশ্রমিক ও লভ্যাংশ, রিয়েল এস্টেট এবং ব্র্যান্ডে বিনিয়োগ, ব্যবসা ও উৎপাদন খাত থেকে তিনি এই বিপুল অর্থের অধিকারী হন। বিভিন্ন শিল্পে সঠিক ও পরিকল্পিত বিনিয়োগের ফলে তারকা ভুবন থেকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন তিনি। তবে তার বেশিরভাগ সম্পদ এসেছে অভিনয় ক্যারিয়ার থেকে।

১৯৮২ সালে ‘কোনান দ্য বারবারিয়ান’ দিয়ে তার পথচলা শুরু। পরে ১৯৮৪ সালে জেমস ক্যামেরনের সায়েন্স ফিকশন ‘দ্য টার্মিনেটর’ শোয়ার্জনেগারকে তারকাখ্যাতি এনে দেয়। প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করে তিনি ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেন।

মাত্র ২১ বছর বয়সে তিনি অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে সপরিবারে বাস করছেন। শোয়ার্জনেগার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডির ভাগনি সংবাদব্যক্তিত্ব মারিয়া শ্রিভারকে বিয়ে করেন।