logo

বলিউডে গ্ল্যামারের অন্ধকার দিক নিয়ে তনুশ্রীর বিস্ফোরক মন্তব্য

বলিউডে গ্ল্যামারের অন্ধকার দিক নিয়ে তনুশ্রীর বিস্ফোরক মন্তব্য

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অনৈতিক বাস্তবতা নিয়ে সম্প্রতি আবারও বোমা ফাটালেন। বিনোদন জগতের অন্ধকার ও উদ্বেগজনক বাস্তবতা সম্পর্কে একটি পডকাস্টে তিনি খোলামেলা কথা বলেন। সাবেক ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স তনুশ্রী দাবি করেন, সিনেমা ভুবনে প্রবেশকারী অনেক নবাগতই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। সবচেয়ে বেশি যেটা, সেটা যৌন নিপীড়ন।

বলিউড এই অভিনেত্রী পডকাস্টে প্রকাশ করেন যে, বড় স্বপ্ন নিয়ে টিভি-সিনেমায় এসে অনেক নবাগত মিষ্টি কথা ও মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়েন। প্রথম দকে নবাগতরা অনেক প্রশংসা পান। কিন্তু একই প্রশংসা পরে একটি ফাঁদে পরিণত হয়। যেখানে উজ্জ্বল ক্যারিয়ারের জন্য বিভিন্ন জনের সঙ্গে আপসের প্রস্তাব দেওয়া হয়।

শোবিজের অন্ধকার পরিস্থিতি বোঝাতে একটি উদাহরণও দেন তনুশ্রী—‘কেউ যদি চকলেট দেয় আপনি কি তার সঙ্গে চলে যাবেন? বিনোদনের চকলেট অন্য রকমের। এই চকলেট একজনের উচ্চাকাঙ্ক্ষা, আশা আর আকাঙ্ক্ষা নিয়ে খেলে।’ তিনি বলেন, কিছু মানুষ এই স্বপ্নের সুযোগ নেয় এবং নতুন শিল্পীদের ভুল পথে ঠেলে দেয়।

তনুশ্রী আরও দাবি করেন, অনেক সময় পরিস্থিতি অনেককে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেয়। অনেকে বাধ্য হয়ে ভুল পথে চলে যায়। আবার অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফিরে যায়। সূত্র: বলিউড লাইফ

গ্ল্যামার জগতে অন্ধকার ভুবন কেন প্রকাশ করলেন—এর জবাবে তনুশ্রী বলেন, আমার কথায় যদি কিছু মানুষের জীবন বাঁচতে পারে অথবা ভুল সিদ্ধান্ত থেকে তাদের বাঁচানো যায়, তাহলে এটি তাদের জন্য একটি বড় ব্যাপার হবে। অভিনেত্রী স্পষ্টভাবে বলেন, তিনি একজন শিল্পী এবং কোনো মূল্যে নিজের জীবন বিক্রি করতে প্রস্তুত নন।