logo

কন্যাসন্তানের বাবা হলেন অ্যাটলি কুমার

কন্যাসন্তানের বাবা হলেন অ্যাটলি কুমার

ভারতীয় বিনোদন অঙ্গনে বইছে খুশির বন্যা। দীপিকা পাড়ুকোনের মা হওয়ার খবরে যখন উচ্ছ্বাসে ভাসছে বিনোদন জগৎ, তখনই আরেকটি খবরে আনন্দ বেড়ে হলো দ্বিগুণ। এবার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতের সুপারস্টার পরিচালক অ্যাটলি কুমার।

সোমবার (২০ এপ্রিল) সামাজিকমাধ্যমে একটি ছোট শিশুর খেলনা গাড়িতে বসে থাকার ফটোকার্ড শেয়ার করে এই সুখবর দিলেন ‘থেরি’, ‘জাওয়ান’ খ্যাত পরিচালক। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা, প্রিয়া ও অ্যাটলি, একটি কন্যাসন্তানের আশীর্বাদ পেয়েছি।’

সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পরিচালক অ্যাটলি আরও জানান, ‘আমার ছেলে বড় দাদা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

২০২৩ সালে অ্যাটলি ও তার স্ত্রী প্রিয়া প্রথম সন্তানের গর্বিত মা-বাবা হন। এই দম্পতি ছেলে মীরের ‘বড় ভাই’ হিসেবে নতুন ভূমিকা উদযাপনের একটি সুন্দর কার্টুন প্রকাশ করেছেন।

সুখবরটি শোনার পর অ্যাটলি ও তার স্ত্রী অভিনন্দনের জোয়ারে ভাসছেন। কমেন্ট সেকশনে এই দম্পতির জন্য অভিনন্দন জানাচ্ছেন চলচ্চিত্র জগতের অনেকেই।

গত জানুয়ারিতে এই দম্পতি প্রিয়ার ম্যাটারনিটি ফটোশুট থেকে একাধিক ছবি শেয়ার করে তার দ্বিতীয়বার গর্ভধারণের খবরটি ঘোষণা করেন। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৪ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন অ্যাটলি ও প্রিয়া।