৩৬ বছর বয়সে জনপ্রিয় মার্কিন অভিনেত্রীর মৃত্যু

‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ টেলিভিশন সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়েরি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর।
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তার প্রতিনিধি সিএনএনকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
হেইডেনের বাবা স্কিপ প্যানেত্তিয়েরি তার প্রতিনিধির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি ছিলেন অসাধারণ এক আলোর মতো মানুষ এবং শক্তিশালী ব্যক্তিত্ব। যারা তাকে চিনতেন এবং পর্দায় দেখেছেন, তাদের জীবনে তিনি অপরিসীম ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন।’
টেলিভিশন সিরিজ ‘হিরোস’-এ আরোগ্য লাভের বিশেষ ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান হেইডেন। পরে ‘ন্যাশভিল’ সিরিজে তরুণ কান্ট্রি সংগীতশিল্পী জুলিয়েট বার্নস চরিত্রেও প্রশংসিত হন তিনি।
২০১১ সালের ‘স্ক্রিম ৪’ সিনেমায় কিরবি রিড চরিত্রে অভিনয় করেন হেইডেন। পরে ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতেও একই চরিত্রে ফিরে আসেন। এ ছাড়া ‘আই লাভ ইউ, বেথ কুপার’ ও ‘রিমেম্বার দ্য টাইটানস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৯৮ সালের অ্যানিমেশন সিনেমা ‘আ বাগস লাইফ’-এ প্রিন্সেস ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পাওয়া সবচেয়ে কম বয়সীদের একজনও ছিলেন হেইডেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেত্রী। মাদকাসক্তি, আসক্তি থেকে বেরিয়ে আসা, সন্তান জন্ম-পরবর্তী বিষণ্নতা ও পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে চলতি বছর তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’ প্রকাশিত হয়।
২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একসময় জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সাবেক ইউক্রেনীয় পেশাদার বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে হেইডেনের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ২০১৮ সালে মেয়ের হেফাজত ক্লিৎসকোর কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পরে প্রকাশ্যে কথা বলেন তিনি।
হেইডেনের ভাই জ্যানসেন প্যানেত্তিয়েরিও অভিনয় ও কণ্ঠশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে তার মৃত্যু হয়।
মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার ও পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগেও যুক্ত ছিলেন হেইডেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়েও সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
হেইডেনের মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন অভিনেতা ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। সংগঠনটি এক বিবৃতিতে তার দীর্ঘ অভিনয়জীবন ও স্মরণীয় চরিত্রগুলোর কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছে।
‘স্ক্রিম ৬’-এ হেইডেনের সহশিল্পী মেলিসা বারেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, প্রিয় হেইডেন।’



