logo

‘ভূত বাংলো’ দিয়ে দূরত্ব ঘোচালেন অক্ষয়-প্রিয়দর্শন

‘ভূত বাংলো’ দিয়ে দূরত্ব ঘোচালেন অক্ষয়-প্রিয়দর্শন

এক যুগের বেশি সময় পর আবারও এক হয়ে বলিউড কাঁপাতে আসছেন অক্ষয় কুমার-প্রিয়দর্শন। বলিউডের অন্যতম সেরা পরিচালক-অভিনেতা জুটি হিসেবে সমাদৃত প্রিয়দর্শন-অক্ষয়। এই জুটির কমেডি হরর ‘ভূত বাংলো’ বড় পর্দায় মুক্তি পাবে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার)।

মুক্তির আগে নানা জটিলতায় ভুগতে হয়েছে সিনেমাটির। সেন্সরের কাঁচি শেষ মুহূর্ত পর্যন্ত চলে। ট্রেলার ও গান দর্শকদের আগ্রহী করে তুললেও সেন্সর বোর্ড বেশ কিছু পরিবর্তনের শর্তে সার্টিফিকেট দেয়। আর সেই শর্ত মানতে ৬৩টি দৃশ্য ও সংলাপে আনতে হয়েছে বদল।

‘ভূত বাংলো’র মোশন পোস্টার সোশাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল। ওই পোস্টারে একটি সিংহাসনে বসে থাকা অক্ষয়ের চারপাশে দেখা যায় ভয়ংকর কিছু মুখাবয়ব। অদ্ভুত এক আলো-আঁধারির পরিবেশ চারদিকে। পোস্টারে অক্ষয়কেও দেখা যায় অদ্ভুত অবতারে। হাতে-গলায় রুদ্রাক্ষ, চোখে সানগ্লাস পরে এক অদ্ভুত ভঙ্গিমায় সিংহাসনে বসে রয়েছেন ‘খিলাড়ি’।

‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার ও ‘হেরা ফেরি’ পরিচালক প্রিয়দর্শনের পুনর্মিলনের ফলে মুক্তির আগেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ‘ভূত বাংলো’ নিয়ে। অগ্রিম টিকিট কিনতেও বাড়ছে দর্শকদের আগ্রহ। এর আগে জটিলতা থাকায় কিছুটা ধীর থাকলেও গতকাল থেকে অগ্রিম বুকিংয়ে জোরালো গতি দেখা গেছে।

হরর-কমেডি এবং নস্টালজিয়ার মিশ্রণ সাধারণ মানুষের কাছে স্পষ্টতই আকর্ষণীয়। ‘ভূত বাংলো’ সিনেমা কিছুটা ঝিমিয়ে যাওয়া অক্ষয় কুমারের ক্যারিয়ারকে করতে পারে উজ্জীবিত। ‘ভুলভুলাইয়া’-এর মতো বক্স অফিস হিটের পর দর্শকদের হরর-কমেডি মিশ্রিত বিনোদনের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি। বিশেষজ্ঞদের মতে, নতুন সিনেমার সাফল্য অক্ষয় কুমারের খরাপ্রবণ সময়ে একটি শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবেও ধরা যেতে পারে।