শাহরুখের আগের দুই সিনেমার বাজেটকে টেক্কা দিচ্ছে ‘কিং’

বিরতি ভেঙে ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিন বছর পর আবারও শীতের আমেজেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই গ্লোবাল তারকা। তবে এবার চমকটা ভিন্ন—প্রথমবারের মতো বড় পর্দায় নিজের মেয়ে সুহানা খানকে সঙ্গী করছেন তিনি।
জানা গেছে, মেয়ের ডেবিউ (অভিষেক) সিনেমাটি নিখুঁত করতে কোনো কমতি রাখছেন না শাহরুখ। প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় লোকেশনে চলবে এই সিনেমার শুটিং। চলতি বছরের আগস্ট মাসে শুটিংয়ের ক্যামেরা ক্লোজ হওয়ার পর শুরু হবে এর পোস্ট প্রোডাকশনের কাজ।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ বাজেটের সিনেমার নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। যা শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এর আগে তার ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমার বাজেট ছিল ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ তৈরি হয়েছিল ৩৫০ কোটি রুপিতে। ফলে নিজের আগের দুই সিনেমার বাজেটকেও এবার টেক্কা দিতে যাচ্ছেন বলিউড বাদশা।
‘কিং’ সিনেমাটিকে ঘিরে আরও জানা গেছে, এর চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যগুলোর পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক স্টান্ট দলের সদস্যরা। সংশ্লিষ্টদের দাবি, বলিউডের ইতিহাসে এমন অ্যাকশন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।
সিনেমার নামকরণের পেছনেও রয়েছে একটি আকর্ষণীয় গল্প। এর আগে ‘কিং’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, যা পরিচালনা করার কথা ছিল কবির খানের এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা ছিল হৃতিক রোশনের। তবে সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ না দেখায় নাদিয়াদওয়ালা এর ‘স্বত্ব’ বিক্রি করে দেন শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে।
পারিবারিক আবহের এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের মতো একঝাঁক তারকাকে। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।




