আমি কখনও প্রতিবাদ করিনি: অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকেন।
সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন এই নায়িকা।
মাঝখানে বেশ কিছুদিন সিনেমার কাজে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। অনেকেই তাকে ফিতা কাটা নায়িকা বলে নানাভাবে ট্রলও করেছে। তবে অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।
সম্প্রতি এশিয়া পোস্টের সঙ্গে একান্ত আলাপকালে সেই সময়ের ট্রলের জবাবে অপু বিশ্বাস বলেন, আগে আমার ব্যক্তিজীবনে বেশ একটা টানাপোড়ন যাচ্ছিল। সে সময় আমি অনেক বেশি ওপেনিং করেছি। পাশাপাশি সে সময় নিজেকে এগিয়ে নিয়ে যেতে বেশি বেশি কাজ করেছি, অর্থনৈতিক ইস্যু তো আছেই। সে সময় আমার শারীরিক গঠনও ঠিক ছিল না তাই ওপেনিংটাই বেশি করেছি। আমাকেও সবাই চেয়েছে, আমিও করতাম।
তিনি আরও বলেন, আমি যখন আগে ওপেনিং বেশি করতাম তখন একটি মহল আমাকে নিয়ে হাসিঠাট্টা করে বলত, ফিতা কাটা নায়িকা। তবে আমিও তখন কোনো কিছু নিয়ে প্রতিবাদ করিনি। দুঃখের সঙ্গে দেখিনি। মনে করেছি, আমি একজন আর্টিস্ট; এটি আমার কাজের অংশ। আমি জানতাম আজ অথবা কাল সবাই ওপেনিং করবে। এখন তাই হচ্ছে। আমার থেকে কম কাজ করেও এখন অনেকেই নিয়মিত ফিতা কাটছে।
কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে পর্দায় ফেরার কথা জানান দেন অপু বিশ্বাস। এরই মধ্যে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ নামে একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন অপু। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার।
প্রথমবারের মতো অপু বিশ্বাস অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্মে। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির নাম ‘শিকার’। এটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-এর নির্মাতা কামরুজ্জামান রোমান।