ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এ ইয়ামি

২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে আসছেন নির্মাতা আদিত্য ধর। মঙ্গলবার পার্ট-টু এর ট্রেলার প্রকাশের পর সিনেমাটি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এবার জানা গেল, নতুন এই পর্বে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে সিনেমাটির একটি সূত্র জানিয়েছে, তিনি এরই মধ্যে প্রায় পাঁচ দিনের শুটিং সম্পন্ন করেছেন। সিক্যুয়েলে অভিনেতা রণবীর সিং আবারও ফিরছেন তার জনপ্রিয় চরিত্র হামজা আলির ভূমিকায়। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বের টিজার এরই মধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের প্রযোজনায় নির্মিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী ইয়ামি গৌতমকে সব শেষ দেখা যায় ‘হক’ সিনেমায়।
১৯৮০ সালের ঐতিহাসিক শাহ বানো মামলার অনুপ্রেরণায় ছবিটি নির্মাণ করেন সুপর্ণ ভার্মা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইয়ামি এবং তার স্বামীর ভূমিকায় ছিলেন অভিনেতা ইমরান হাশমি। সিনেমাটি মুক্তির পর প্রশংসিত হয় দর্শক-সমালোচকের কাছে।