সাত দিনে বিশ্বজুড়ে ৪০০ কোটি পেরোল যশের ‘টক্সিক’

কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। নির্মাণের শুরু থেকেই নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি। মুক্তির আগে প্রকাশিত ট্রেলারেও দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। অ্যাকশন, রোমান্সের পাশাপাশি যশের বিশেষ লুক এবং সিনেমার নায়িকাদের আবেদনময়ী উপস্থিতি বাড়িয়ে দেয় কৌতূহল।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৬ আগস্ট বিশ্বের প্রায় ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টক্সিক’। তবে মুক্তির পর সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রটেন টমেটোজে প্রকাশিত ১৭ জন সমালোচকের পর্যালোচনায় সিনেমাটির ইতিবাচক রিভিউয়ের হার ২৪ শতাংশ। সেখানে গড় রেটিং ১০-এর মধ্যে ৪.৪০।
সমালোচকদের রিভিউতেও দেখা গেছে ভিন্নতা। এনডিটিভির লতা শ্রীনিবাস এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার শ্রীদেবী এস. সিনেমাটিকে পাঁচের মধ্যে ৩ রেটিং দিয়েছেন। অন্যদিকে ফার্স্টপোস্টের জিনিয়া ব্যানার্জি এবং বলিউড হাঙ্গামা- দুই পক্ষই সিনেমাটিকে পাঁচের মধ্যে আড়াই রেটিং দিয়েছে।
সমালোচনায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে সিনেমাটি শুরু করেছে শক্তিশালীভাবে। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন ভারতে সিনেমাটির আয় ছিল ৫৫ কোটি ৪০ লাখ রুপি (নিট)। দ্বিতীয় দিনে ২৪ কোটি, তৃতীয় দিনে ২৬ কোটি, চতুর্থ দিনে ২৫ কোটি এবং পঞ্চম দিনে ২৩ কোটি রুপি আয় করে এটি। এরপর ষষ্ঠ ও সপ্তম দিনে সিনেমাটির আয় নেমে আসে ৮ কোটি রুপিতে।
এই হিসাবে সাত দিনে ভারতে ‘টক্সিক’-এর মোট আয় দাঁড়িয়েছে ২২৬ কোটি রুপি (নিট)। একই সূত্রের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ৩১৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৫ কোটি ৮৭ লাখ টাকার বেশি।
অন্যদিকে বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের হিসাবে, সাত দিনে ভারতে সিনেমাটির নিট আয় ২২৯ কোটি ৬০ লাখ রুপি। ভারতের বাইরে থেকে গ্রস আয় এসেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩১৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৭ কোটি ১৬ লাখ টাকার বেশি।
‘টক্সিক’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। সিনেমায় তার চরিত্রের নাম রায়া। কিয়ারা আদভানি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। নয়নতারা আছেন গঙ্গা চরিত্রে। এ ছাড়া মেলিসা চরিত্রে রুক্মিণী বসন্ত এবং এলিজাবেথ চরিত্রে দেখা গেছে হুমা কুরেশিকে।
প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘টক্সিক’ প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ। বড় বাজেটের এই সিনেমা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাফল্য পায়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, ফার্স্টপোস্ট ও বলিউড হাঙ্গামা।


