logo

তামিল সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন ‘জেলার ২’-এর দখলে

এনডিটিভি
এনডিটিভি
তামিল সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন ‘জেলার ২’-এর দখলে
‘জেলার ২’। ছবি: হিন্দুস্থান হেরাল্ড

বক্স অফিসে যেন থামছেই না রজনীকান্তের দাপট। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বিশ্বজুড়ে ৭১০ কোটি রুপির বেশি আয় করেছে দক্ষিণী সুপারস্টার অভিনীত ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি এরই মধ্যে পেছনে ফেলেছে রজনীকান্ত অভিনীত ‘২.০’-এর দীর্ঘদিনের রেকর্ড। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর পর্যন্ত ‘জেলার ২’-এর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেও ভারতের বাজারে আয় বেড়েছে সিনেমাটির।

ভারতের বক্স অফিসেও ভালো অবস্থানে রয়েছে ‘জেলার ২’। মুক্তির একাদশ দিনে দেশটির প্রেক্ষাগৃহ থেকে ছবিটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। এতে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ দেশটির বাজারে মোট আয় পৌঁছেছে ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপিতে।

অন্যদিকে, ভারতের বাইরের বাজার থেকে একাদশ দিনে ছবিটি আয় করেছে প্রায় ১০ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় এখন ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির একাদশ দিনে ভারতের বাজারে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে। এ সংস্করণটি ৫ হাজার ৬৮৩টি প্রদর্শনী থেকে আয় করেছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি।

এদিন তেলুগু সংস্করণ ১ হাজার ৮৬০টি প্রদর্শনী থেকে ৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। হিন্দি সংস্করণ ৪ হাজার ১৯৫টি প্রদর্শনী থেকে আয় করেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। আর কন্নড় সংস্করণ ২১৬টি প্রদর্শনী থেকে আয় করেছে ৭০ লাখ রুপি। সব ভাষা মিলিয়ে ওই দিন ভারতের বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়ায় ২৫ কোটি ৭০ লাখ রুপি।

দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ডটি ছিল রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’-এর দখলে। ২০১৮ সালে মুক্তি পাওয়া শঙ্কর পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।

এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘জেলার ২’। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৭১০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়া আয় ছবিটিকে তামিল সিনেমার ইতিহাসে নতুন শীর্ষস্থানে নিয়ে এসেছে। শুধু ‘২.০’ নয়, বিজয় অভিনীত ‘লিও’-এর প্রায় ৬০৫ কোটি রুপি এবং রজনীকান্তের ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর প্রায় ৬০৪ কোটি রুপির বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়ে ‘জেলার ২’। দ্রুততম সময়ে বিশ্বব্যাপী ৩০০ কোটি ও ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করা তামিল সিনেমাগুলোর তালিকাতেও জায়গা করে নেয় ছবিটি। চলতি ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবিও এটি।

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের আগ্রহ ধরে রেখে একের পর এক মাইলফলক স্পর্শ করছে রজনীকান্ত অভিনীত সিনেমাটি। বক্স অফিসে এই ধারাবাহিকতা কত দূর যায়, এখন সেটিই দেখার অপেক্ষা।