প্রকাশ পেল ‘যাপিত জীবন’ সিনেমার দ্বিতীয় পোস্টার

ভাষা, সংগ্রাম আর শেকড়ের টানে গাঁথা কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস ‘যাপিত জীবন’ এবার রূপালি পর্দায় আসছে। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির দ্বিতীয় অফিশিয়াল পোস্টার আজ (৭ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে শুভ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

এর আগে, সিনেমাটি নিয়ে অভিনেত্রী ভাবনা নিজের ফেসবুক পেজ থেকে একটি আবগঘণ পোস্ট করেন। পোস্টের শুরুতে এই অভিনেত্রী লেখেন, ‘যাপিত জীবন’ এমন একটি সিনেমা, যা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে উপভোগ করা যাবে। এটি দেশের গল্প, ভাষার গল্প এবং মানুষের জীবনের গল্প।

সিনেমাটি নির্মাণে জড়িত সবার শ্রম, ভালোবাসা, স্বপ্ন ও স্মৃতির কথা তুলে ধরে ভাবনা আরও যুক্ত করেন, ‘খুব যত্ন ও মায়া দিয়ে তারা সিনেমাটি নির্মাণ করেছেন। দর্শক প্রেক্ষাগৃহে এসে গল্পটির সঙ্গে যুক্ত হলেই তাদের পরিশ্রম সার্থক হবে। ২০ নভেম্বর থেকে সিনেমাটির গল্প দর্শকদের হাতে তুলে দেওয়া হবে। দর্শকরা ভালোবাসা দিয়ে ছবিটি গ্রহণ করবেন।’
এমন প্রত্যাশা নিয়ে ভাবনা স্ট্যাটাসে শেষে অংশে লেখেন, ‘‘দেখা হচ্ছে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। আমাদের গল্প, আপনাদের গল্প - ‘যাপিত জীবন’।’

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, তানভীর হোসেন প্রবাল, কাজী হায়াৎ, ডলি জহুর, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, প্রণব ঘোষ, মিলি মুন্সী, খালিদ মাহবুব তুর্যসহ আরও অনেকে।