মিঠুনকন্যার মন জিতলেন হলিউডের মাইলস

বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে রাজকীয় বিয়ের সানাই বাজতে চলেছে। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বাগদান সারলেন তার একমাত্র মেয়ে দিশানি চক্রবর্তী। সামাজিকমাধ্যমে ছবি ও পোস্ট শেয়ার করে নিজেই এই সুখবর দেন মিঠুনকন্যা।
ক্যালিফোর্নিয়ার মালিবুর মনোরম সমুদ্রসৈকতে এক রোমান্টিক পরিবেশে প্রেমিক মাইলস ম্যান্টজারিস হাঁটু গেঁড়ে আংটি পরিয়ে দিশানিকে সারপ্রাইজ প্রস্তাব দেন। মোমবাতি আর সূর্যমুখী ফুলের সেই স্বপ্নিল মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে দিশানি লিখেছেন, ‘০৬.১২.২০২৬... আমার জানা সবচেয়ে সহজ চিরন্তন সম্পর্ক।’ অর্থাৎ, আগামী ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই জুটি।
মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির দত্তক কন্যা দিশানিকে শুভেচ্ছা জানিয়েছেন তার দুই ভাই মিমোহ ও নামাশি চক্রবর্তীসহ বিনোদন জগতের তারকারা। বহু বছর আগে পরিত্যক্ত অবস্থায় পেয়ে মিঠুন ও যোগিতা মেয়ে হিসেবেই বড় করেছেন দিশানিকে। পরে লস অ্যাঞ্জেলেসের নিউইয়র্ক ফিল্ম একাডেমি এবং লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। সূত্র: বলিউড লাইফ
চারদিকে যখন দিশানির বিয়ে নিয়ে আলোচনা তখন একটি প্রশ্ন সবার মনে উঁকি দেয়—কে এই মাইলস ম্যান্টজারিস? মাইলস আন্তর্জাতিক বিনোদন জগতের এক সুপরিচিত মুখ। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে। মাইলস একজন প্রতিভাবান ফ্রিল্যান্স সিনেমাটোগ্রাফার, স্টিডিক্যাম অপারেটর, ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিপি) এবং কালারিস্ট। আমেরিকার ইথাকা কলেজ থেকে ‘সিনেমা প্রোডাকশন’ বিষয়ে ডিগ্রি নেন তিনি। ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে একটি এজেন্সির মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে ফ্রিল্যান্সিং বেছে নেন।
মাইলস ম্যান্টজারিস প্যারামাউন্ট পিকচার্স, এনএফএল, ইএসপিএন, অ্যাক্টিভিশন ও ফেসবুকের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। বিখ্যাত মরোক্কান গায়িকা ফাউজিয়ার মিউজিক ভিডিওতেও তার দারুণ কাজ রয়েছে।
অন্যদিকে, দিশানি নিজেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমি এবং লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় ও নির্মাণশৈলী শিখেছেন। ‘গিফট’ (Gift), ‘হোলি স্মোক’ (Holy Smoke), ‘আন্ডারপাস’ (Underpass) এবং ২০২২ সালের চলচ্চিত্র ‘দ্য গেস্ট’ (The Guest)-সহ বেশ কিছু স্বাধীন শর্ট ফিল্মের গল্প লেখা, প্রযোজনা ও অভিনয়ের সাথে যুক্ত আছেন তিনি। এতদিন নিজেদের সম্পর্ককে লাইমলাইট থেকে দূরে রাখলেও, এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই প্রতিভাবান জুটি।
