অক্ষয়ের নুতন সিনেমার রিভিউতেই বাজিমাত

এশিয়া পোস্ট বিনোদন
অক্ষয়ের নুতন সিনেমার রিভিউতেই বাজিমাত
বিশাল তারকা বহর নিয়ে প্রেক্ষাগৃহে হাজির কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবি: সংগৃহীত


একের পর এক ব্যর্থতায় কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। অবশেষে বড় পর্দায় ফের রাজকীয় প্রত্যাবর্তন ঘটল মিস্টার খিলাড়ির অক্ষয়ের। চলতি সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আহমেদ খান পরিচালিত বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আর মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সিনেমার প্রথম রিভিউ। তবে চমকপ্রদ বিষয়, রিভিউটি দিয়েছেন স্বয়ং অক্ষয় কুমার।

Advertisement

রিভিউর পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় প্রবীণ অভিনেত্রী ফরিদা জালালের পারফরম্যান্সে মুগ্ধ। তিনি জানান, সিনেমায় একঝাঁক বড় তারকা থাকলেও ফরিদা জালাল অনবদ্য কমিক টাইমিং দিয়ে পুরো লাইমলাইট নিজের করে নিয়েছেন। অক্ষয় কুমার সিনেমাটিকে ‘নিখাদ উন্মাদনা ও বিনোদন’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি কমেডি, গান, সারপ্রাইজ এবং দারুণ সব মজাদার মুহূর্তে ভরপুর একটি ফুল-অন এন্টারটেইনার।’ সূত্র: বলিউড লাইফ

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে বসেছে তারকাদের মেলা। এতে আরও আছেন রাভিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত ও উর্বশী রাউতেলা। পাশাপাশি কমেডি কিংবদন্তি জনি লিভার, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদাও দর্শকদের হাসাতে প্রস্তুত। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে দালের মেহেন্দি ও মিকা সিংকে।

ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, সিনেমাটির অগ্রিম বুকিংয়ের শুরুটা কিছুটা ধীরগতির হয়েছে। পেইড প্রিভিউসহ প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ৮৫ লাখ রুপির বেশি, যা দ্রুতই ১ কোটি রুপির কোটা ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিশাল তারকা বহর আর ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে এই উন্মাদনা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে, তা প্রথম সপ্তাহ শেষেই স্পষ্ট হবে।