‘টক্সিক’-এর টিজারে এবার নারীদের রাজত্ব

এশিয়া পোস্ট বিনোদন
‘টক্সিক’-এর টিজারে এবার নারীদের রাজত্ব
‘টক্সিক’-এর টিজারে এবার দেখা যাবে প্রধান নারী চরিত্রগুলো। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির আগের টিজারগুলোয় কোনো নারী চরিত্রকে না দেখানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। অবশেষে সেই জট কাটতে চলেছে। সিনেমার মূল তারকা যশ নিজেই ইঙ্গিত দিয়েছেন, এবার পর্দায় ঝড় তুলতে আসছেন ছবির অভিনেত্রীরা।

Advertisement

‘টক্সিক’ সিনেমায় নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো পাঁচজন শক্তিশালী অভিনেত্রী থাকা সত্ত্বেও আগের ঝলকে তাদের অনুপস্থিতি ভক্তদের হতাশ করেছিল। বিশেষ করে লেডি সুপারস্টার নয়নতারাকে উপেক্ষা করাটা অনেক ভক্ত মেনে নিতে পারেননি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সিনেমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে যশকে প্রশ্ন করা হয় ‘নারীরা কোথায়’।

এবার রসিকতা ছলে সেই প্রশ্নের উত্তর দিয়ে যশ লেখেন, ‘শান্ত হোন! নারীরা আসতে একটু সময় নেন। আগামীকাল (১ জুলাই) সকাল ১১টা ৩৩ মিনিটে দেখা হচ্ছে।’ যশের এই মন্তব্য পরিষ্কার আভাস দিচ্ছে যে, নতুন প্রমোতে এই পাঁচ নায়িকাকে দুর্ধর্ষ রূপে দেখা যাবে। ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই প্রথম কোনো টিজার হতে যাচ্ছে, যা পুরোপুরি ছবির নারী চরিত্রদের উৎসর্গ করা।

নব্বইয়ের দশকের গোয়ার মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

যশের মেগাবাজেট ‘টক্সিক’-এ বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামে এক ক্যারিশম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত। ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় দেখা যাবে নয়নতারাকে। ছবি ঘিরে ক্রমশ উৎসাহ বাড়ছে অনুরাগীদের। মোদ্দাকথা, পরিচালক গীতু মোহনদাস নায়কের ভয়ংকর চেহারা আর অ্যাকশন উন্মোচন করে আকর্ষণ বাড়িয়েছেন দর্শকদের মধ্যে।

গত মার্চে মুক্তির তারিখ চূড়ান্ত করা হলেও, হঠাৎ করেই তা স্থগিত করা হয়। বারবার মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যাচ্ছিল। নানা নাটকীয়তার পর হাজার কোটি রুপি বাজেটের এই গ্যাংস্টার ড্রামাটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই সপ্তাহে হিন্দি সিনেমা ‘ইথা’ ও ‘ভ্যান’ মুক্তি পাওয়ার কথা থাকায় বক্স অফিসে একটি বড় টক্কর দেখার অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। তবে যশের নতুন প্রমোটি দর্শকদের কতটা মাতাতে পারে, এখন সেটাই দেখার বিষয়!