কন্যা সুহানার সামনে শাহরুখের দুর্ধর্ষ অ্যাকশন

একের পর এক ব্যর্থতা নিয়ে যখন বর্ণাঢ্য ক্যারিয়ার হুমকির মুখে তখনই ঘুরে দাঁড়ান বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে রীতিমতো তোলপাড় করে দেন। কামব্যাকের এক নজিরবিহীন উদাহরণ টেনে ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’ দিয়ে আবারও নিজের বাদশাহি দেখান শাহরুখ। এরপর থেকেই দর্শক-ভক্তদের উৎসাহী চোখ—কখন আসবে কিং খানের ‘কিং’।
বছরের শেষে ক্রিসমাসে দর্শকদের চাহিদা মেটানোর জন্য বড় পর্দায় সবচেয়ে বড় ধামাকা নিয়ে হাজির হবে ‘কিং’। তবে এবার আর নিছক রোম্যান্স নয়, বিধ্বংসী অ্যাকশন দৃশ্যে ধরা দেবেন বাদশা খান।
মুম্বাইয়ের ভিলে পার্লেতে অবস্থিত গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে সিনেমাটির এক বিশেষ শুটিং। সেখানে পরিত্যক্ত একটি কারখানায় তৈরি সেটে টানা এক সপ্তাহ চলবে টানটান অ্যাকশন দৃশ্যের শুটিং।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এ সিনেমায় থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এক বিশেষ লড়াইয়ের দৃশ্যের জন্য রাশিয়া থেকে ১০ জন পেশাদার ফাইটারকে আনা হয়েছে।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় ‘কিং’-এ রুপালি পর্দায় মেয়ে সুহানাও স্ক্রিন শেয়ার করবেন শাহরুখের সঙ্গে। বাবার কাছেই বিপজ্জনক মিশনের প্রশিক্ষণ নিতে দেখা যাবে সুহানাকে।
অ্যাকশনের পাশাপাশি ‘কিং’-এর অন্যতম আকর্ষণ হতে চলেছে একটি বিশাল ড্যান্স সিকোয়েন্স। শাহরুখ-সুহানা ছাড়াও এই ছবিতে থাকছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালের মতো একঝাঁক তারকা।